চবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৪:০৯ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জড়ো হচ্ছেন ছাত্রদল ও যুবদলের বহিরাগতরা।
বুধবার (১৫ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর রেলগেট এলাকায় রফিক ছাত্রাবাসের সামনে ২০-৩০টি হোন্ডাসহ শতাধিক বহিরাগত অবস্থান করছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন। কিছুক্ষণ পরপর বাইক ও গাড়িতে করে জড়ো হচ্ছেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের কর্মীরা।
সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী প্রতীক সিকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখানে বহিরাগতদের অবস্থান-শোডাউন দেখলে শঙ্কা সৃষ্টি হয়। আমরা চাই না বাইরের কেউ আমাদের নির্বাচনে প্রভাব বিস্তার করুক। কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন বলেন, আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান করছি। বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হওয়ার বিষয়টা আমি এসপিকে জানাচ্ছি। এই বিষয়ে তিনি অ্যাকশন নেবেন।