রাবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১০:১৮ এএম
মেহেদি হাসান পুলক। প্রবা ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মেহেদি হাসান পুলককে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১টার দিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মেহেদি হাসান পুলককে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
এতে আরও জানানো হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে পুলকের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
জানা যায়, মেহেদি হাসান পুলক রাবি ক্রিকেট দলেরও অধিনায়ক। তিনি শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক হওয়া সত্ত্বেও রাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাকে দল সমর্থিত প্যানেলের প্রচারণায় দেখা যায়নি। বরং, এই সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্বতন্ত্র পদপ্রার্থীর পক্ষে প্রচার চালিয়েছেন।
এদিকে, রাত ১টার দিকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কারের পর মেহেদি হাসান পুলক নিজেও দল থেকে অব্যাহতি নিয়েছেন। রাতে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি লেখেন, আমি মেহেদি হাসান পুলক, অধিনায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক পদ থেকে অব্যহতি নিলাম।