রাকসু নির্বাচন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ২০:৫০ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা আধুনিক ওএমআর মেশিনের মাধ্যমে হবে। ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি বড় পর্দায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে প্রদর্শন করা হবে। ফলাফল প্রকাশে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ।
রবিবার (১২ অক্টোবর) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পোলিং এজেন্টদের সঙ্গে এক সভায় রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রতিটি কেন্দ্রের ব্যালট বাক্স সংগ্রহ করে মিলনায়তনে এনে ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে। গণনার সময় বিশেষজ্ঞ একটি প্যানেল ফলাফল পর্যবেক্ষণ করবে। প্রতিটি হলের ভোট গণনা তিন ধাপে সম্পন্ন হবে এবং মোট ১৭টি হলের ফলাফল প্রস্তুত ও যাচাই শেষ হতে ১৪ থেকে ১৬ ঘণ্টা সময় লাগতে পারে।’ তিনি বলেন, 'আমরা চাই শিক্ষার্থীরা যেন নির্বাচনের ফলাফল নিয়ে কোনো সংশয়ে না থাকে। পুরো প্রক্রিয়াটি উন্মুক্ত রাখা হবে। সাংবাদিকরাও মিলনায়তনে থেকে প্রতিবেদন করতে পারবেন, আর ভোট গণনার দৃশ্য সরাসরি বড় স্ক্রিনে দেখা যাবে।'
এদিকে, নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ তাদের দশ দফা ইশতেহার ঘোষণা করেছে। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। তাদের ইশতেহারে অ্যাকাডেমিক বরাদ্দ বৃদ্ধি, লাইব্রেরিতে এসি সুবিধা এবং ক্যাম্পাসে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ দফার মধ্যে রয়েছে—ড. শামসুজ্জোহা স্যারের শহীদ হওয়ার দিনটিকে “জাতীয় শিক্ষক দিবস” হিসেবে ঘোষণা, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সহিংসতা প্রতিরোধে শক্তিশালী সেল গঠন, ২৪ ঘণ্টা অন-ক্যাম্পাস ফার্মেসি প্রতিষ্ঠা, ছাত্রী হলে ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন, ভিন্ন ধর্মবলম্বীদের প্রার্থনাকক্ষ নির্মাণ, আবাসন সংকট নিরসন এবং রাবি রেলস্টেশন সচল করে ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা করা।
প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির ইশতেহারগুলো বাস্তবসম্মত এবং শিক্ষার্থীদের সহযোগিতায় এক বছরের মধ্যে তা পূরণে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভিপি প্রার্থী সাগরের সমর্থন প্রত্যাহার, ছাত্রদল প্যানেলকে পূর্ণ সমর্থন
এদিকে সহ-সভাপতি (ভিপি) পদ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাগর আহমেদ মিয়া। তিনি ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দেন।
রবিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, 'ব্যালট নাম্বার ৩৯ সিনেট সদস্য পদপ্রার্থী সাফিন আজমীর ভাইয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং তাঁকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়ে আমি রাকসু নির্বাচন ২০২৫ থেকে সরে দাঁড়াচ্ছি।'
এর আগে শনিবার স্বতন্ত্র ক্রীড়া সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন রাবি ছাত্রদলের ক্রীড়া সম্পাদক পুলকও।