প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ০১:২১ এএম
ছবি: সংগৃহীত
ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের (আইএইচএসবি) ইয়াং লার্নার ইংলিশ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ব্রিটিশ কাউন্সিল তাদের ইংরেজি ভাষা শিক্ষাদানের নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এই স্কুলের সঙ্গে অংশীদারত্বে কাজ করছে। এর ফলে দেশের মধ্যে প্রথম এবং একমাত্র স্কুল, যেখানে ব্রিটিশ কাউন্সিল সরাসরি অংশীদার হলো। গতকাল শনিবার রাজধানীর উত্তরা ক্যাম্পাসে এ ইংলিশ সেন্টারের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আইএইচএসবির প্রাইমারি সেকশনের প্রধান নাজমুন নাহার বলেন, উত্তরা ক্যাম্পাসে নতুন এই সেন্টারটি এমন এক প্রাণবন্ত কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে, যেখানে শিশু-কিশোররা আনন্দদায়ক পরিবেশে তাদের ইংরেজি দক্ষতা বাড়াতে পারবে।
স্কুলের প্রিন্সিপাল রোকসানা জারিন বলেন, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার একটি কাঠামোবদ্ধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কারিকুলাম প্রদান করবে, শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতায় আত্মবিশ্বাস বাড়াবে এবং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করবে।
স্টারলিং এডুকেশনের (আইএইচএসবি) চেয়ারম্যান টিমোথি ডোনাল্ড ফিশার ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের বিষয়টি তুলে ধরে বলেন, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বমানের শিক্ষাদানের মান আমাদের স্কুলে নিয়ে আসা হচ্ছে।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, আজকের দিনে একটি নতুন অংশীদারত্বের সূচনা হলো; যার মূল ভিত্তি একটি অভিন্ন বিশ্বাস, ইংরেজি দক্ষতা বৃদ্ধির এই সুযোগ আত্মবিশ্বাস ও বিশ্বব্যাপী সংযোগের দরজা খুলে দেবে।
গত ৯০ বছর ধরে ব্রিটিশ কাউন্সিল শিক্ষা, সংস্কৃতি ও ভাষা কর্মসূচির মাধ্যমে যুক্তরাজ্য ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও বিশ্বাসের সেতুবন্ধ গড়ে তুলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সক্ষমতা অর্জন করছে।