বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৫:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক কর্মীদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (১০ অক্টোবর) ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আজহারুল ইসলাম শেখ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গত ১৯ বছর যাবত চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছর শরৎ উৎসব আয়োজনের জন্য ১০ অক্টোবর তারিখে বকুলতলা ব্যবহারের জন্য অনুষদ বরাবর অনুমতি প্রার্থনা করে আবেদনপত্র প্রদান করেন। চারুকলা অনুষদ সবসময়ই শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে বিধায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজনের আবেদনপত্রটি বরাবরের ন্যায় অনুমোদন দেয়।
সেখানে আরও উল্লেখ করা হয়, গত ৯ অক্টোবর তারিখে অনুষ্ঠান আয়োজকদের একজন ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত থাকায় ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ কর্তৃক উৎসবটি বন্ধের জন্য চারুকলা অনুষদ বরাবর একটি আবেদনপত্র প্রদান করা হয়। অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর লক্ষ্যে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাথে যোগাযোগ করে আপাতত অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
এছাড়াও, আগামীকাল শনিবার চারুকলা অনুষদের শিক্ষক ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাথে আলোচনা করে ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত ব্যক্তি অথবা সংগঠনের বিষয়বলী খতিয়ে দেখে স্থগিত অনুষ্ঠানটি পরবর্তীতে সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।