বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তারা স্মারকলিপি দেন।
এ সময় উপাচার্য বলেন, এ বিষয়ে ইতোমধ্যেই একটি রিট করা হয়েছে। বিষয়টি সমাধানে প্রশাসন বদ্ধপরিকর। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন তিনি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থান মূলত শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অবিচারপূর্ণ কোটাব্যবস্থার বিরুদ্ধে ছিল। সেই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জীবন দিয়েছেন। তাঁদের মূল দাবি ছিল- শিক্ষা ও চাকরিতে শতভাগ মেধাভিত্তিক সুযোগ নিশ্চিত করা।
এই আন্দোলনের পরেও ঢাবির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে অযৌক্তিক পোষ্যকোটা পুনর্বহাল রাখা হয়েছে। এতে শুধু শিক্ষক নয়, কর্মকর্তা/কর্মচারীদের ছেলে-মেয়ে, এমনকি স্বামী-স্ত্রীদের জন্যও বিশেষ সুযোগ রাখা হয়েছে।
একইসঙ্গে শিক্ষার্থীরা এই কোটা ব্যবস্থাকে সম্পূর্ণ অযৌক্তিক, বৈষম্যমূলক ও ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য পরিপন্থী বলে উল্লেখ করা হয় স্মারকলিপিতে।
শিক্ষার্থীদের দুটি দাবি তুলে ধরেন-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শতভাগ মেধাভিত্তিক করতে হবে; শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের স্বজনদের জন্য চালু করা সব ধরনের পোষ্য কোটা বাতিল করতে হবে।
এ ব্যাপারে কোনো ‘আইওয়াশ’ করা সিদ্ধান্ত আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।