× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাকসু নির্বাচন

ছাত্রদল চায় হাতে ভোট গণনা, শিবির ওএমআরে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৭ পিএম

ছাত্রদল চায় হাতে ভোট গণনা, শিবির ওএমআরে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আশঙ্কার কথা জানিয়ে ছাত্রদল ম্যানুয়াল ভোট গণনার (হাতে গণনা) দাবি জানিয়েছে।

অন্যদিকে দ্রুত ফলাফলের জন্য অত্যাধুনিক ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতি ব্যবহারের দাবি জানিয়েছে ছাত্রশিবির। বুধবার (১৭ সেপ্টেম্বর) এসব দাবি জানিয়ে প্যানেল দুটি পৃথক স্মারকলিপি দেয়। এদিকে পোষ্য কোটা পুনর্বহালসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

ছাত্রদল-সমর্থিত প্যানেলের ৬ দাবি

রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ৬ দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছে ছাত্রদল মনোনিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থীরা। বুধবার দুপুর ১টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ স্মারকলিপি জমা দেন তারা। ছাত্রদলের ছয়টি দাবি হলো- ভোটগ্রহণে স্বচ্ছ ব্যালট বাক্স নিশ্চিতকরণ, ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, ভোট সম্পৃক্ত ব্যতীত অন্য কেউকে কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে আসতে না দেওয়া, লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষায় কালো টাকার প্রভাব প্রতিরোধ এবং সকল প্রার্থীর জন্য নির্বাচনী আচরণবিধি মনিটরিং করা।

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন (আবির) বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে (হাতে) ভোট গণনা করা সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু জনবল বাড়ালে সময় কমানো সম্ভব। এই দাবিগুলো শুধু ছাত্রদলের নয়, সাধারণ শিক্ষার্থীদেরও।

শিবির-সমর্থিত প্যানেলের ৭ দাবি

রাকসু নির্বাচনে ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা ও ভোটকেন্দ্রে সিসি টিভিসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। বুধবার বিকেল পৌনে পাঁচটায় রাকসু কোষ্যাধ্যক্ষ কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছে তারা এই স্মারকলিপি দেন।

তাদের ৭টি দাবি হলো- পোলিং এজেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ হতে যাবতীয় সুবিধা নিশ্চিত করা; সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা এবং কেবল প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার প্রদান করা; ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা এবং বিশেষজ্ঞ টিম রাখা; তবে কোনো প্রার্থী মেশিনে প্রযুক্তিগত সমস্যা নিয়ে আপত্তি করলে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা রাখা; প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা; ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা এবং নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা।

স্মারকলিপি প্রদান শেষে সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা ইতিমধ্যে জাকসু নির্বাচনে দেখেছি নির্বাচনে ফলাফল আসতে তিনদিন সময় নিয়েছে। এখানে ভোট কয়েকগুন বেশি। এতে ফলাফল পেতে এক সপ্তাহ সময় লেগে যাবে। ফলে এখানে ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা করতে হবে। তবে কোনো প্রার্থীর অভিযোগ থাকলে তা ম্যানুয়ালি থাকলে চেক করতে হবে।’

শিক্ষকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

পোষ্য কোটা পুনর্বহাল ও বিশ্ববিদ্যালয়ে প্রচলিত প্রশাসক প্রথা বাতিলসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন রাবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। ১৮ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো মেনে না নিলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আল্টিমেটামের কথা জানানো হয়। এই কর্মসূচির আওতায় দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম (জরুরি সেবা ব্যতীত) সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন।

এদিকে রাকসু নির্বাচনের চারদিন আগে এসে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলন নির্বাচনের ওপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, নির্বাচন পুঁজি করে শিক্ষক-কর্মকর্তারা তাদের দাবি আদায় করে নেওয়ার চেষ্টা করছেন। তবে শিক্ষকরা বলছেন, তাদের আন্দোলনের প্রভাব নির্বাচনের ওপরে পড়বে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা