বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৯ পিএম
মোছা. ইরিনা নাহার।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা বিভাগের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোছা. ইরিনা নাহারকে ভুয়া সনদ জমা দেওয়ার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত বরখাস্ত আদেশে বলা হয়, ইরিনা নাহার ২০১২ সালের ১ মার্চ থেকে ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদে চাকরি করে আসছিলেন। ২০২১ সালের ২২ সেপ্টেম্বর তিনি তার এমএ ডিগ্রির সনদ ব্যক্তিগত নথিতে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সনদ যাচাইয়ের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। অনুসন্ধান শেষে কমিটি জানায়, ইরিনা নাহার কর্তৃক উপস্থাপিত এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে প্রাপ্ত এমএ সনদপত্র ও নম্বরপত্রটি ভুয়া। এ ঘটনায় কমিটি তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
কারণ দর্শানোর নোটিসের জবাবে ইরিনা নাহার লিখিতভাবে জানান, ‘সার্টিফিকেট যে ভুয়া প্রমাণিত হয়েছে তা আমার অজানা।’ তবে বিষয়টি সিন্ডিকেট সভায় আলোচনার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, আগামী প্রশাসনিক ট্রাইব্যুনাল ও গঠিত কমিটির সিদ্ধান্ত না আসা পর্যন্ত ইরিনা নাহার সাময়িকভাবে বরখাস্ত থাকবেন। তবে বরখাস্তকালীন সময়ে তিনি নিয়মিত হাজিরা দেবেন এবং সরকারি বিধি মোতাবেক বেতন-ভাতা পাবেন।
ইরিনা নাহারের সঙ্গে যোগাযোগ করতে তার অফিসে গেলে তাকে উপস্থিত পাওয়া যায়নি এবং তিনি ফোন রিসিভ করেননি। গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।