বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৩ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাকসুর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে কেন্দ্রীয় সংসদের ভোট ম্যানুয়ালি গণনা শুরু হয়।
এসময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘আমরা নির্বাচনের ফলাফল দ্রুতই প্রস্তুত করব। দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা পূর্বের ন্যায় ম্যানুয়ালি ভোট গণনা করব। সবাইকে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি।’
নির্বাচনের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু নিয়ে তিনি বলেন, ‘আমাদের এক সহকর্মী ইন্তেকাল করেছেন। বিষয়টি অত্যন্ত মর্মাহত করেছে আমাদের।’
ভোট গণনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘দীর্ঘ সময় ধরে পরিশ্রমের পর এই ভোট গণনা সম্পন্ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া শুরু হয়েছে। ডাকসুর পরে জাকসু নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এর মাধ্যমে ২৪-এর অভ্যুত্থানের যে গণআকাঙ্খা তৈরি হয়েছিল তা পরিপূরণ হবে।’