জাকসু নির্বাচন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৮ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৭ পিএম
ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার। একই সঙ্গে ওএমআর পদ্ধতিতে ভোট গণণার দাবি জানান তিনি।
এ সময় শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের অব্যবস্থাপনাকে দায়ী করেন অধ্যাপক সুলতানা আক্তার।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে সিনেট ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ক্ষোভ প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আমরা আমাদের সহকর্মীর লাশের ওপর দিয়ে আর ভোট গণণা করব না।’
জাকসু নির্বাচনে ভোট গণনার দায়িত্ব পালন করতে এসে বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়।
এ নিয়ে অধ্যাপক সুলতানা আক্তার বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু আমাদেরকে দিয়ে দুইদিন ধরে অমানবিক পরিশ্রম করানো হচ্ছে। দুইদিন ধরে না ঘুমিয়ে আমরা কাজ করছি। এ কারণে আমরা আমাদের একজন সহকর্মীকে হারিয়েছি।’
এদিকে ভোট গ্রহণের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো ভোট গণনাই শেষ হয়নি। এ নিয়ে উঠছে নানা প্রশ্ন, চলছে আলোচনা-সমালোচনা।
অধ্যাপক সুলতানা আক্তার বলেন, ‘এখনো যে পরিমাণ ব্যালট আছে তা গণণা করতে ৩ দিন সময় লাগবে। আমরা অনতিবিলম্বে ওএমআর পদ্ধতিতে ভোট গণণার দাবি জানাই।’
যদিও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম সবশেষ আশা প্রকাশ করেছেন, আজ রাত ১০টা থেকে ১১টার মধ্যে ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ সম্ভব হবে।