জাকসু নির্বাচন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৭ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৯ পিএম
২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশ সম্ভব হয়নি।আজ সন্ধ্যার মধ্যেও তা সম্ভব নয়। তবে রাত ১০টা থেকে ১১টার মধ্যে ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশের আশা করছে নির্বাচন কমিশন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিল, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আমরা আশা করছি যে, এই প্রস্তুতি নেওয়ার ফলে এবং আজ যে লোকবল আছে, তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনা শেষ করতে পারব এবং রাত ১০টা থেকে ১১টার মধ্যে আমরা বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব।’
জাকসু ভোট গ্রহণ শুরু হয় গতকাল সকাল ৯টা থেকে। নির্ধারিত সময় অনুযায়ী ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৫টায়, যদিও কয়েকটি হলে অনেক দেরিতে তা শেষ হয়। তবে আজ শুক্রবার দুপুর পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি। ফলে নির্বাচনের ফলও প্রকাশ করা হয়নি।
গতকাল রাতে নির্বাচন কমিশনের সদস্যসচিব জানিয়েছিলেন, আজ দুপুরের মধ্যে নির্বাচনের ফল ঘোষণা করা সম্ভব হবে।
আজ সকালে নির্বাচন কমিশনের এক সসদ্য জানিয়েছিলেন, আজ সন্ধ্যার মধ্যে নির্বাচনের ফল ঘোষণা করা সম্ভব হবে।
ভোট গণনা দেরি হওয়ার কারণের ব্যাখ্যায় রাশিদুল আলম বলেন, ওএমআর মেশিন দিয়ে ভোট গণনার জন্য আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু বেশ কিছু প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যানুয়ালি (হাতে ভোট গণনা) করার সিদ্ধান্ত নিয়েছি। এতে একটু বেশি সময় লাগছে। এছাড়াও আরও কিছু কারণ তুলে ধরেন তিনি।