জাকসু নির্বাচন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৯ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫১ পিএম
নানা অনিয়মের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জন করেছে ইউনিয়ন-ছাত্রফ্রন্ট সমর্থিত ‘সংশপ্তক পর্ষদ’ প্যানেল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
প্যানেলের অভিযোগ, ছাত্রী সংস্থার মেয়েদের জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ১৫ নম্বর ছাত্রী হল কেন্দ্রে। ভোটকেন্দ্রে পূর্ণ করা ব্যালটও উদ্ধার করা হয়েছে। এছাড়া, শহীদ সালাম বরকত হলে ভোটার সংখ্যা ২৯৯ জন হলেও সেখানে মোট ৪০০টি ব্যালট পেপার পাওয়া গেছে।
তাদের আরও অভিযোগ, ভোটার তালিকায় ছবি সংযুক্ত না থাকায় যেকোনো ব্যক্তি এসে ভোট দিতে পেরেছে। রফিক-জব্বার হল থেকে এর প্রমাণও মিলেছে।প্রতিটি হলে বিভিন্ন সংগঠনের বহিরাগতদের অবস্থান লক্ষ্য করা গেছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ পরিলক্ষিত হয়েছে। এছাড়াও আরও নানা অনিয়ম ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা জাকসুতে অংশগ্রহণকারী সব প্যানেল ও শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে প্রশাসন ও ছাত্র শিবিরের এই ভোট ডাকাতির চক্রান্তকে প্রতিহত করার জন্য সকলে একতাবদ্ধ হতে হবে।
এর আগে জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচনে বেশ কিছু অসঙ্গতির অভিযোগ তুলেছে এই প্যানেল।
বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।