× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফল ম্যানিপুলেশনের চেষ্টা করলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে: ভিপি প্রার্থী আবিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

ফল ম্যানিপুলেশনের চেষ্টা করলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে: ভিপি প্রার্থী আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ম্যানিপুলেশনের চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা সুস্থ স্বাভাবিক নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে প্রত্যয়ী। কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি ভোট গণনা ম্যানিপুলেশনের বিন্দু পরিমাণ চেষ্টা করা হয়, নির্বাচনের ফল ব্যাহত করার চেষ্টা করা হয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তা প্রতিরোধ করবে।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে আবিদ বলেন, ‘আমরা ভেবেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে সুন্দর রাজনৈতিক সংস্কৃতি উপহার দেবো। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এক্ষেত্রে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে।’

তিনি দাবি করেন, ‘রোকেয়া হলের এক নারী শিক্ষার্থী ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে অভিযোগ করেছে যে, তাদের যে ব্যালট দেওয়া হয়েছে, সেখানে আগে থেকে সাদিক কায়েম ও এস এম ফরহাদের (শিবির সমর্থিত প্যানেলের ভিপি-জিএস প্রার্থী) নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া ছিল। অমর একুশে হলেও এমন ঘটেছে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যেহেতু দুই জায়গায় ঘটনা ঘটেছে এবং প্রমাণিত হয়েছে। তার মানে আগেও অনেক ব্যালটে সম্ভবত আগে থেকে ক্রস দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে।’

ছাত্রদল সমর্থিত প্যানেলের এই ভিপি প্রার্থী বলেন, ‘আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১২টি অভিযোগ জমা দিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা আশা করেছিলাম নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন রাখব না। কিন্তু যখন অভিযোগ আসতে থাকলে তো আর মুখ বন্ধ করে থাকা যায় না।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন ভোট গণনা চলছে। আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখুন। আমরাও আমাদের জায়গা থেকেই সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করছি। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ফলাফল প্রতিফলিত হলে, মনে রাখবেন বাংলাদেশপন্থীদের ভূমিধস বিজয় অবশ্যই হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা