বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩২ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪০ পিএম
প্রবা ফটো।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক নিয়োগ ও সেশনজট নিরসনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি সঞ্চালনা করেন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর-ই-আলম। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘চারুকলায় অন্য বিভাগের শিক্ষক কেন?’, ‘অনতিবিলম্বে শিক্ষক সংকট দূর করো’, ‘সব কাজ চলমান, শিক্ষক নিয়োগে গাফিলতি কেন?’ ও ‘সেশনজট দূর করো’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষক সংকট থাকার কারণে আমাদের বিভিন্ন সময়ে ক্লাস হয় না। একজন শিক্ষককে একাধিক কোর্স নিতে হয়। এতে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। নিয়মিত পরীক্ষা না হওয়ার কারণে সেশনজটের আশঙ্কা দেখা দিচ্ছে। অতি দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে এবং সেশনজট নিরসন করে আমাদের শিক্ষার মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি প্রশাসনের কাছে।
তারা আরও বলেন, শিক্ষক সংকট নিরসন না করে নতুন নতুন বিভাগ খোলা প্রশাসনের তামাশা ছাড়া কিছু না। যদি প্রয়োজনীয় শিক্ষক ও ক্লাসরুম দিতে না পারে, তাহলে নতুন বিভাগ খোলার প্রয়োজন নেই।