জাকসু নির্বাচন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৮ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
জাবি ছাত্রদলের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও কয়েকজন বিএনপিপন্থী শিক্ষক কিছুদিন আগ থেকেই ফারিয়াকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। সোমবার বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানও তার সঙ্গে কথা বলেছেন। আগামী সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে এমপি পদে তাকে মনোনয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিএনপি। এর ফলে ফারিয়া অনন্যা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন।
জানা যায়, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকায় জাবি ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিততে জাবি ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিকের সঙ্গে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তার বৈঠক হয়।
এর আগে গত রবিবার এক বৈঠকেও ফারিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হয় বলে বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এছাড়া প্রার্থিতা ঘোষণার পর থেকেই ছাত্রদলের পক্ষ থেকেও একাধিকবার তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বলা হয়েছিল বলে জানা যায়। তবে এতদিন নির্বাচন করতে অনড় অবস্থানে ছিলেন ফারিয়া।
ফারিয়া ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি গত ২৮ আগস্ট ছাত্রদলীয় প্যানেলে অবমূল্যায়নের অভিযোগ এনে জিএস পদে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করেন। পরবর্তীতে তাকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বলা হলেও তিনি তা করেননি। অভিযোগ রয়েছে, দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে সরে দাঁড়াতে প্রলোভনও দেখানো হয়েছে। কারণ ছাত্রদল সমর্থিত প্যানেলে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরেক নারী প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। দুজনই ছাত্রদলের কর্মী হওয়ায় ভোট বিভক্ত হওয়ার শঙ্কা থেকে এমন উদ্যোগ বলে জানা গেছে।
এ বিষয়ে অনন্যা ফারিয়া বলেন, ‘আমি একটি সম্মিলিত ঐক্যের কথা ভাবছি। তাই প্রার্থিতা না করার কথা ভাবছি। বিস্তারিত সংবাদ সম্মেলন করে বলব।’