ডাকসু নির্বাচন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৪ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৩ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় ৩ ঘণ্টায় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৬টি ভোট পড়েছে, যা কেন্দ্রটির মোট ভোটারের ২৬ শতাংশ।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা জানান, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শামসুন নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৯৬ জন। সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় ৩ ঘণ্টায় ১ হাজার ৪৬টি ভোট পড়েছে। এটি এ কেন্দ্রের মোট ভোটারের ২৬ শতাংশ।
তিনি বলেন, আমি হিসাবটা নিয়ে বাইরে আসার পরও শিক্ষার্থীরা হয়তো আরও ৫০-৬০ জন ভোট দিয়ে ফেলেছে। ভোটারদের যে লাইন, তাতে এখনও অন্তত চার-পাঁচশ শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি। এখন ভোটগ্রহণের অনেক সময় হাতে রয়েছে। ফলে আমরা আশা করছি, বিপুলসংখ্যক ভোটার ভোট দিতে আসবে।
জানা যায়, বিকাল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ক্যাম্পাসের আট কেন্দ্রে ভোট দিতে পারছেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হচ্ছে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।
ডাকসুতে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ ও নারী প্রার্থী ৬২ জন। ভোটগণনা শেষে রাতের প্রথমাংশে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।