বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৫ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৭ পিএম
অপরাধীদের গ্রেপ্তার, বিচার বিভাগীয় তদন্ত, আহতদের উন্নত চিকিৎসাসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির। এ সময় দাবিগুলো বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হলে প্রশাসনকে পদত্যাগের আল্টিমেটাম দেন নেতারা।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবন, শহীদ মিনার অতিক্রম করে জিরো পয়েন্টে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে তারা ‘এই মুহূর্তে দরকার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, ‘বিচার নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘লাল সন্ত্রাসের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘মববাদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘জুলাইয়ের প্রশাসন, দাও শতভাগ আবাসন’, ‘তোমার আমার অধিকার, নিরাপদ ক্যাম্পাস’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ‘বিশ্ববিদ্যালয় এবং পুলিশ প্রশাসনের নীরবতার কারণে কিছুদিন পরপর আমাদের সন্ত্রাসীদের সাথে মুখোমুখি হতে হয়। আপনারা যদি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন তাহলে আপনাদের শান্তিমতো পদত্যাগও করতে দেব না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি উল্লেখযোগ্য কার্যকর পদক্ষেপ না নেন তাহলে আপনারা এখন যা ভাবছেন, তারচেয়েও পরিণতি ভয়াবহ হবে।’
ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আমাদের দাবিগুলো সকল শিক্ষার্থীদের দাবি। সংঘর্ষের ঘটনাকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই প্রশাসনকে মুখ বন্ধ করে রাখলে হবে না। সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে ভিসি, প্রোভিসি এবং প্রক্টর মহোদয়কে পদত্যাগ করতে হবে। একইসঙ্গে নিরাপত্তা দপ্তরের সদস্যদেরও পদত্যাগ করতে হবে।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘গত ট্রাজেডিতে শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা করেছে সন্ত্রাসীরা। অনেকেই হাসপাতালে বেডে আইসিইউতে কাতরাচ্ছে। আমরা ৫ আগস্টের পর থেকেই নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছি। প্রশাসন আমাদের শুধু আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো দাবি পূরণ করেনি।’
প্রথমবারের মতো ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উদযাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চিকিৎসা কেন্দ্রের ‘ফিজিওথেরাপি এন্ড স্পোর্টস ইঞ্জুরি রিহ্যাব ইউনিটের’ আয়েজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৫।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে ‘সুস্থ বার্ধ্যকে ফিজিওথেরাপি: পড়ে যাওয়া ও দুর্বলতা প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।
চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
সভার মূল বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ও ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, ‘বৃদ্ধ বয়সে অনেক ধরনের রোগ হয় যেমন ডায়বেটিস, হার্ট ডিজিস,স্ট্রোক জনিত সমস্যা। এছাড়াও ব্যথাজনিত রোগের জন্য অনেকগুলো ব্যথানাশক ঔষধ খেয়ে খেয়ে ব্যথা দমিয়ে রাখে এতে নতুন নতুন সমস্যা সৃষ্টি হতে পারে। তাই বৃদ্ধ বয়সে পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে মাংশ পেশির সক্ষমতা ধরে রাখতে এবং জয়েন্টের রেঞ্জ অব মোশন ধরে রাখার জন্য একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি নিলে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।’