× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবি ছাত্রীদের ‘যৌনকর্মী’ বলে মন্তব্য করা সেই ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯ পিএম

আনিসুর রহমান মিলন। প্রবা ফটো

আনিসুর রহমান মিলন। প্রবা ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের নিয়ে ফেইসবুকে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগে এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত আনিসুর রহমান মিলন বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে বুধবার রাতে মিলনের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রীরা বিক্ষোভ করেন। এরপর রাতেই তার পদ স্থগিত করে ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছিল ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অভিযোগ ওঠার পর তদন্ত কমিটির সদস্যরা এ আর মিলন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলে তিনি সন্তোষজনক কোনো জবাব না দিয়ে ফোন বন্ধ করে দেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, উক্ত কুরুচিপূর্ণ মন্তব্য তিনিই ইচ্ছাকৃতভাবে করেছেন। এ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ আর মিলন খানকে প্রাথমিক সদস্য পদসহ হল সহ-সভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার ঘোষণা করছে।

একইসঙ্গে সংগঠনের সব নেতা-কর্মীকে তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে ঘটনার সূত্রপাত হয় গত সোমবার। ওইদিন রাত ১১টার পর হলে ফেরায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ৯১ ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেয় হল কর্তৃপক্ষ। এই নোটিশের একটি ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর জেরে পরদিন মঙ্গলবার হল প্রশাসন নোটিশটি প্রত্যাহার করে নেয়।

ফেইসবুকে এ সংক্রান্ত একটি পোস্টের মন্তব্যের ঘরে আনিসুর রহমান মিলনের আইডি থেকে ছাত্রীদের উদ্দেশে লেখা হয়, ‘এগুলো ছাত্রী নয়, এগুলো বিনা পারিশ্রমিকের যৌনকর্মী।’

এই মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে ছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, যা থেকে বুধবার রাতে বিক্ষোভ হয়। যদিও অভিযোগ ওঠার পর মিলন দাবি করেছিলেন, ওই সময় তার ফেইসবুক আইডি ‘নিয়ন্ত্রণে ছিল না’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা