বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৬ পিএম
প্রবা ফটো।
মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) সম্পন্ন করা ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোট ৫৫ শিক্ষার্থীকে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী৷
অ্যাওয়ার্ড হিসেবে নগদ ১০ হাজার টাকাসহ সার্টিফিকেট শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ১৯টি বিভাগ হতে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নাম্বারধারী শিক্ষার্থীরা পান এই মেধাবৃত্তি।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, আসলে বৃত্তিটা শুধু অনুপ্রেরণা না, এটি হলো ভবিষ্যতে সত্য ও ন্যায়ের সাথে জীবন পরিচালনা করার পথ নির্দেশক। খারাপ কিছুকে ভালো কিছু দিয়ে জয় করবে। আমি আশা করব তোমরা বিভিন্ন জ্ঞানী-গুণী ও মহর্ষীদের জীবনীগুলো পড়বে এবং তা অনুসরণ করবে। কোরানের দিকনির্দেশনাগুলো মেনে চলবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, তোমরা চিন্তা সীমাবদ্ধ রাখবে না। তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে কিংবা দেশের বিভিন্ন জায়গায় শিক্ষক হবে এরকম চিন্তাধারাও রাখিও না। এটা একপ্রকার গণ্ডির মধ্যে আবদ্ধ থাকা। তোমাদের গণ্ডিটাকে আরও ছড়িয়ে দিতে হবে। তোমরা দেশেও থাকবে এবং বাইরেও থাকবে। প্রথমত, তোমাদের ভালো মানুষ হতে হবে। আমার একটাই কথা আমরা লেখাপড়া শিখি বা না শিখি আমাদের প্রথমে ভালো মানুষ হতে হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, তোমাদের কাছে আমার এটাই প্রত্যাশা, তোমাদের সত্য উন্মোচনের জন্য কাজ করে যেতে হবে এবং তোমরা সর্বদা ন্যায়ের পথে থাকবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান বলেন, আজকে যারা এখানে উপস্থিত তারা মেধাবীদের মেধাবী। কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করায় আপনাদের অভিনন্দন জানাই। এই অ্যাওয়ার্ডকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে সামনের দিনে আরও ভালো করার চেষ্টা করবেন এই প্রত্যাশা রাখি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, তোমরা তোমাদের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি পেয়েছো আজকে। নিশ্চয় এটা তোমাদের জন্য আনন্দের। তোমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শিক্ষাজীবনে তোমরা সফল হয়েছো এটার প্রতিফলন যাতে তোমাদের কর্মজীবনেও ঘটে।
উল্লেখ্য, মেধা বৃত্তি, অসচ্ছল ও মেধাবী স্টাইপেন্ড এবং স্পোর্টস স্কলারশিপ চলতি মাসেই প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।