× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউজিসি

পাঠ্যক্রমে আচরণগত পরিবর্তনের বিষয় হালনাগাদের পরামর্শ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামাজিক ও আচরণগত পরিবর্তনের (এসবিসি) সঙ্গে উন্নয়নের জন্য যোগাযোগ (সিফোরডি) ধারণা অন্তর্ভুক্ত করে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম হালনাগাদ করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

গতকাল রবিবার শুরু হওয়া কমিউনিকেশন পর ডেভেলপমেন্ট (সিফোরডি) বিষয়ে প্রণীত পাঠ্যক্রম পর্যালোচনা এবং এতে সমাজের সব জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার বিষয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এ পরামর্শ দেন।

গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্রাক সিডিএম-এ অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী এই কর্মশালা। ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের সিনিয়র সহকারী পরিচালক খন্দকার সাবাহাত রিজভীসহ ইউজিসি ও ইউনিসেফের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আনোয়ার হোসেন বলেন, সামাজিক ও আচরণগত পরিবর্তনে সৃষ্ট সমস্যাগুলো সঠিকভাবে তুলে ধরা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা জরুরি। সমাজে ব্যক্তির অবস্থান জানা, তাদের চাহিদা যাচাই-বাছাই করা, বিভিন্ন কার্যক্রমে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে এসবিসি ও সিফোরডি সহায়তা করবে বলে তিনি মনে করেন।

প্রফেসর মাছুমা হাবীব বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে সিফোরডির ওপর তৈরি পাঠ্যক্রম পড়ানো হচ্ছে। চলতি উদ্যোগের মাধ্যমে এই পাঠ্যক্রমে কোনো ধরনের সীমাবদ্ধতা রয়েছে কি নাÑ তা চিহ্নিতকরণ এবং সিফোরডি ও এসবিসি বিষয়ে শিক্ষা দিতে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত একটি মডেল নির্ধারণ করা হবে।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সহযোগী অধ্যাপক ড. সরকার বারবাক কারমাল, ইউনিসেফের এসবিসি প্রোগ্রাম ম্যানেজার মো. বদরুল হাসান এসবিসি ও এ-সংক্রান্ত পাঠ্যক্রম প্রণয়ন বিষয়ে বিভিন্ন সেশন পরিচালনা করেন।

ইউজিসির উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এবং খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের বিষয় সংশ্লিষ্ট অভিজ্ঞ শিক্ষক ও গবেষকরা অংশ নেন। আজ শেষ হবে দুই দিনের এই কর্মশালা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা