পাবনা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৬:৩৯ পিএম
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা নবগঠিত বিভিন্ন আবাসিক হল কমিটিকে স্বজনপ্রীতি ও বিতর্কিত আখ্যায়িত করে অবিলম্বে এসব কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পাবনা এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজের শহীদ শামসুজ্জোহা মুসলিম হলের (এস এম হল) সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করে প্রধান গেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন এস এম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রওশন কবির, এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা জিহাদ হোসেন, ওয়াহেদুজ্জামান নাইস, মিরাজুল ইসলাম বাঁধন, তুষার, রাজিব, নাঈম, সাব্বির প্রমুখ।
বক্তারা বলেন, রাতের আঁধারে স্বজনপ্রীতি ও বিতর্কিতদের দিয়ে বিভিন্ন আবাসিক হলের কমিটি গঠন করা হয়েছে। গত ৫ আগস্টের পর যারা ছাত্রদল করছে তাদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে তাদের কোনো ভূমিকা নেই। এমনও আছে তারা কোনো সময় ছাত্রদল করত না। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগীদের দিয়ে নতুন করে কমিটি করতে হবে।
কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ বলেন, আমি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সম্মেলনে ভোটের মাধ্যমে কমিটির নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। অথচ কমিটি দেওয়া হয়েছে আমি জানতেই পারেনি। ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে কমিটি দেওয়া হয়েছে। কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি।
একই অভিযোগ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলামের। তিনিও বলেন, শাখা ছাত্রদলের নির্বাচিত ৬ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে আমরা ৪ জনই কিছুই জানি না। আমাদের থেকে কোনো পরামর্শ ছাড়াই ত্যাগীদের বাদ দিয়ে কমিটি দেওয়া হয়েছে। আমি এই কমিটি বাতিলের দাবি জানাই। আর কলেজ শাখা সাধারণ সম্পাদক কাব্যের বিষয়ে একটি প্রতিষ্ঠান টাকা দাবি করা নিয়ে ইতোমধ্যেই কেন্দ্রে অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের মুঠোফোন বন্ধ থাকায় মন্তব্য পাওয়া যায়নি। তবে, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য বলেন, অনেকেই ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় কমিটিতে পদ না পেয়ে বিক্ষোভ করছ। কমিটি সঠিক হয়েছে। বাকি ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে। আর আমার বিরুদ্ধে প্রাইম নামের প্রতিষ্ঠান থেকে যে টাকা দাবি করছেÑ যা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এক ছোট ভাই সেখানে চাকরি করত, তার বেতন বাকি ছিল। সেটা বলতে গিয়েছিলাম। টাকা দাবি করার মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।