রাকসু নির্বাচন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ২১:২৪ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫ ২১:২৮ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের পঞ্চম দিনে মোট ৩৬টি ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এককভাবে রাকসুতে ২৩টি এবং সিনেটে ২টি পদে মোট ২৫টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
তবে কে কোন পদে, বা তাদের প্যানেলে কে কে থাকছে তা জানানো হয়নি। আগামী ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্যানেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।
ছাত্রদল সূত্রে জানা যায়, সংগঠনটির পক্ষ থেকে কোনো পদ উল্লেখ না করে সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, সহ-সভাপতি নুরুদ্দীন আবির, জান্নাতুল নাঈম তুহিনা; যুগ্ম সাধারন সম্পাদক জাহীন বিশ্বাস এষা, শাহ মুহাম্মদ কাফী, সামাদ মুবিন, দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন, সহ-দপ্তর সিয়াম বিন আইয়ুব, মানবাধিকার বিষয়ক সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, প্রচার সম্পাদক আর রাফি খান, বিজয় ২৪ হলের সভাপতি গাজী ফেরদৌস হাসান ও শেরে বাংলার সভাপতি এম এইচ জেমসসহ সুপার কমিটি এবং কয়েকটি হল কমিটির নেতারা কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ফরম উত্তোলন শেষে যুগ্ম সাধারন সম্পাদক জাহীন বিশ্বাস এষা বলেন, ‘আমরা জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের সবচেয়ে বড় বহিপ্রকাশ হচ্ছে রাকসু। আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা শুরু থেকেই রাকসু চেয়ে আসছিলাম। কারণ রাকসু আমাদের প্রাণের দাবি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার তালিকায় অর্ন্তভভূক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা মেধার যুদ্ধে উত্তীর্ণ হয়ে এখানে এসেছে। অথচ তাদের নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করেছে প্রশাসন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনারা সুষ্ঠু নিবার্চন আয়োজনের জন্য সকলের অংশগ্রহন নিশ্চিত করুন।