ঢাবি প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১০:৪৯ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫ ১১:০৫ এএম
জালাল আহমদ। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল থেকে বহিষ্কার করা হয়েছে। জালাল বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে তার বহিষ্কারের ঘোষণা দেন। তিনি জানান, ‘এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে পুলিশকে জানিয়ে মামলা দায়ের করা হচ্ছে।’
এর আগে, ওই দিন রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে নিজের রুমমেট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল হককে ছুরিকাঘাত করেন জালাল। গুরুতর আহত রবিউল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জালাল আহমদকে পুলিশে সোপর্দ করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রুমমেটের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই এ হামলার সূত্রপাত।
চিকিৎসাধীন রবিউল সাংবাদিকদের বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে শব্দ করছিল। এতে আমার ঘুম ভেঙে যায়। আমি বলি, সকালে লাইব্রেরিতে যেতে হবে, শব্দ না করতে। এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে বহিরাগত বলে গালাগাল করে এবং ছুরি দিয়ে আঘাত করে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত জালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না।’
তিনি আরও জানান, আগের অভিযোগগুলোসহ সবকিছু খতিয়ে দেখা হবে। তবে এ ঘটনার পর মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগের দাবি তুলেছেন অনেক শিক্ষার্থী। এ বিষয়ে প্রক্টর বলেন, ‘শিক্ষার্থীরা উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানালে তা বিবেচনা করা হবে।’