রাকসু নির্বাচন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ২১:৪৫ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একইসঙ্গে বিভিন্ন আবাসিক হলে ছয়জন এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে একজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এই মনোনয়নপত্র বিতরণ করে।
দ্বিতীয় দিনে সহ-সভাপতি (ভিপি) পদে আরবি বিভাগের শিক্ষার্থী আব্দুন নুর এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী জুয়েল রানা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে বাংলা বিভাগের মাহবুব আলম, মহিলা বিষয়ক সম্পাদক পদে একই বিভাগের নুসরাত জাহান অহনা এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আবু জুহাইম সরকার ফরম তুলেছেন। নির্বাহী সদস্য পদে রাহুল আগারওয়াল প্রভাত, আবদুল্লাহ আল মুয়াজ, জুয়েল রানা ও সজিব হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন। অন্যদিকে, সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন পদে ১০টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ চলবে ২৬ আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত।
প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবি ছাত্রদলের
রাকসু নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাবি ছাত্রদল। সোমবার দুপুরে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের পেছনে রাবি ছাত্রদলের টেন্ট থেকে এই কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে উপাচার্যকে স্মারকলিপি দেন তারা।
ছাত্রদলের অন্য দাবিগুলো হলো- বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা; ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরু; ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপন; আবাসিক হলগুলোতে সব ছাত্রসংগঠনের সহাবস্থান এবং একটি বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিত করা।
সমাবেশে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে একটি জামায়াতপন্থী প্রশাসন এসেছে। তারা রাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এবং সব দায়ভার ছাত্রদলের ওপর চাপাতে চাইছে। প্রশাসন বলছে, ছাত্রদল নির্বাচন হতে দিতে চায় না। আমরা কেন নির্বাচন হতে দেব না? প্রশাসন যদি সুষ্ঠুভাবে সব বিষয় নিয়ন্ত্রণ করে, তবে ছাত্রদলের কোনো আপত্তি থাকবে না।’ তিনি আরও অভিযোগ করেন, ছাত্রশিবির ছাড়া রাকসু নির্বাচন নিয়ে অন্য কোনো ছাত্রসংগঠনের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। কর্মসূচিতে রাবি ছাত্রদলের বিভিন্ন হল শাখা এবং কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।