প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৮:০২ পিএম
বিশ্বব্যাংক অর্থায়িত ‘উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর’ (HEAT) প্রকল্পের আওতায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ডিজিটাল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় এবং ব্র্যাকনেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) ইউজিসি মিলনায়তনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামানসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্র্যাকনেট লিমিটেডের জেনারেল ম্যানেজার ও হেড অব অপারেশনস মো. মুকাররাম হুসাইন এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট ২৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উন্নত ডিজিটাল নেটওয়ার্ক অবকাঠামো ও ক্লাউড-ভিত্তিক ওয়াইফাই সুবিধা স্থাপন করা হবে। যা দেশের ৬০ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের ডিজিটাল সংযোগের নতুন দুয়ার খুলে দেবে।
প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান বলেন, এই চুক্তি বাস্তবায়িত হলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা ও শিক্ষায় আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের মান সমুন্নত রাখতে সক্ষম হবে।
ব্র্যাকনেট লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. মুকাররাম হুসাইন বলেন, ব্র্যাকনেট বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্যাম্পাসসহ একাধিক উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে আমাদের। সেই ধারাবাহিকতায় HEAT প্রকল্পের মাধ্যমে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও বিশ্বমানের নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দিতে পারা আমাদের জন্য সম্মানের।