× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৬ বছরেও ছাত্র সংসদ নেই, অনশনে অসুস্থ শিক্ষার্থীরা

রংপুর অফিস, বেরোবি ও ববি প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১১:৩৪ এএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ যুক্ত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন। প্রবা ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ যুক্ত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন। প্রবা ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘ছাত্র সংসদ’ আইনে সংযুক্ত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা টানা তিন দিন ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন, অর্থনীতি বিভাগের আতিকুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয়, ফাইন্যান্স বিভাগের কায়সার আহমেদ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রুম্মানুর ইসলাম রাজ হাসপাতালে ভর্তি হন। অসুস্থ কায়সার আহমেদকে তার পরিবার বাড়িতে নিয়ে গেছে। অনশনরত ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান, পরিসংখ্যান বিভাগের খোকন ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নয়ন মিয়াও অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসকরা তাদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অনশনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে অবস্থান করছেন। অনশনে সংহতি প্রকাশ করা শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা টানা তিন দিন ধরে অনশন করছে। অথচ ইউজিসি এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। যদি কোনো শিক্ষার্থীর ক্ষতি হয়, এর দায় ইউজিসি ও সরকারকেই নিতে হবে।

অন্যদিকে অনশনকারী আশিকুর রহমান বলেন, টানা অনশনে আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ছাত্র সংসদ নিয়ে ইউজিসি ইতোমধ্যে মিটিং ডেকেছে। আশা করছি খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত হবে। এটি হলে আমরা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করব। এ পর্যন্ত শিক্ষার্থীরা যেন আমাদের সুযোগ দেয়Ñ এটি তাদের প্রতি আহ্বান।

অনশন থেকে সরে দাঁড়ালো তিন শিক্ষার্থী

গতকাল বিকালে হাসপাতালে চিকিৎসা নিয়ে অর্থনীতি বিভাগের আতিকুর রহমানও আমরণ অনশন থেকে সরে দাঁড়ান। বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে সংবাদ সম্মেলন করে তিন শিক্ষার্থী জানান, উপাচার্যের ১০ কর্ম দিবসের মধ্যে আইন প্রণয়নের কমিটমেন্ট এবং ইউজিসির এই সংক্রান্ত কাজের অগ্রগতি দেখে আশ্বস্ত হয়ে অনশন থেকে সরে দাঁড়ানো হয়েছে। কোনো চাপে, কিংবা কারো প্ররোচনায় অনশন থেকে সরে যাওয়া হয়নি। যতদিন পর্যন্ত না ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা হবে, ততদিন পর্যন্ত এ দাবি বাস্তবায়নের আন্দোলন থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভা ডেকেছে ইউজিসি

ছাত্র সংসদ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। গতকাল সকালে ইউজিসির সিনিয়র সহকারী সচিব শেখ আনিসুজ্জামান স্বাক্ষরিত ওই নোটিসে জানা যায়, কেন্দ্রীয় ছাত্র সংসদের খসড়া গঠনতন্ত্রটি চ্যান্সেলর কর্তৃক অনুমোদনে পরীক্ষা ও চূড়ান্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণে কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান, সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, বেরোবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রমাণিক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, উপসচিব নুর নাহার বেগম শিউলী, সদস্য সচিব ইউজিসির সিনিয়র সহকারী সচিব শেখ আনিসুজ্জামান। 

আগামী ২১ আগস্ট বেলা সাড়ে ৩টায় কমিশনের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে।

১৬ বছরেও হয়নি ছাত্র সংসদ নির্বাচন

২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির দীর্ঘ ১৬ বছরেও ছাত্র সংসদ নির্বাচনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষার্থীদের দাবি, এ সময়ে প্রায় ২০ হাজার নিবন্ধিত শিক্ষার্থী ‘ছাত্র সংসদ ফান্ডে’ অর্ধকোটি টাকার বেশি জমা দিয়েছেন, যার কোনো ব্যবহার হয়নি। গণঅভ্যুত্থানকালে শিক্ষার্থীদের উত্থাপিত ৯ দফা দাবির অন্যতম ছিল ছাত্র সংসদ নির্বাচন। পরবর্তীতে প্রশাসন ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করলেও ছাত্র সংসদের জন্য আইন সংশোধনের কোনো অগ্রগতি হয়নি। অবশেষে দাবির বাস্তবায়নে শিক্ষার্থীরা অনশনসহ বিভিন্ন কর্মসূচিতে নেমেছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে গতকাল ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে মিছিল শুরু করে তিন নম্বর গেটে গিয়ে সমাপ্ত হয়।

শিক্ষার্থী মোহাম্মদ রিপন বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। মোশাররফ হোসেন বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ও গুরুত্ব দাবি করে। আমরা আর বঞ্চিত থাকতে চাই না। গত ২৮ জুলাই থেকে শিক্ষার্থীরা এই দাবিতে আন্দোলন শুরু করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা