প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ২১:৩৬ পিএম
মেট ক্লাবের শিশু ও কিশোরদের তৈরি করা আবহাওয়া বিষয়ক সরঞ্জাম প্রদর্শনী।
ভৌগলিক অবস্থানগত কারণে নানা প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকতে হয় বাংলাদেশের মানুষকে। এই দুর্যোগ মোকাবেলায় দেশের শিশু-কিশোরদের প্রস্তুত করতে এবং তাদের মাধ্যমে দুর্যোগের আগাম সতর্কবার্তা দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে সেভ দ্য চিলড্রেন। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক এ সংস্থাটি দেশের শিশু-কিশোরদের নিয়ে প্রতিষ্ঠা করেছে- আবহাওয়া ক্লাব (Meteorology Club); সংক্ষেপে ‘মেট ক্লাব’। মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে এই ক্লাবটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
ক্লাবটির এ যাত্রা শুরু উপলক্ষে মঙ্গলবার দুপুর ১টা হতে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হারমনি হলে অনুষ্ঠিত হয় বর্ণিল আয়োজন। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)পরিচালক মো. মোমেনুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ সুলতানা মল্লিক, আরআইএমইএস (RIMES)-এর কান্ট্রি প্রোগ্রাম লিড রাইহানুল হক খান, পানি উন্নয়ন বোর্ডের সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার মো. সাজ্জাদ হোসেন, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রহমত উল্লাহ ও হিউম্যানিটারিয়ান ডিরেক্টর মোস্তাক হোসেন, ওয়াইপিএসএ (YPSA)-এর প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি এবং এসকেএস ফাউন্ডেশনের এসকেএস এন্টারপ্রাইজ প্রধান মো. আবু সাঈদ।
প্রধান অতিথি আশরাফ উদ্দিন বলেন, মেট ক্লাবে যুক্ত থাকা শিশুদের মাঝে লিডারশিপ স্কিল গড়ে উঠছে, এবং তারা আরও মানবিক হয়ে বড় হবে বলে আমার বিশ্বাস। এই উদ্যোগের সাথে যারা যুক্ত আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধে আপনারা কাজ করুন।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোমেনুল ইসলাম বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। আজকে মেট ক্লাবের যাত্রা শুরুর এ উদ্ভাবনী উদ্যোগটির মাধ্যমে আমরা দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কবার্তা গোটা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। মেট ক্লাবের প্রতিটি শিশুদের জ্ঞান ও অভিজ্ঞতাকে আমরা সমৃদ্ধ করতে চাই।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ সুলতানা মল্লিক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রগতির পেছনে আগাম সতর্কবার্তার ভূমিকা রয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগ এবং একই সাথে মাঠ পর্যায়ে প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে এই কাজগুলো করা সম্ভব হয়েছে। বাংলাদেশের শিশুদের মধ্যেও অপার সম্ভাবনা রয়েছে। শুধু প্রয়োজন পর্যাপ্ত গবেষণা ও উদ্ভাবনের, যা মেট ক্লাব করে দেখিয়েছে। একই সাথে সাইকো সোশ্যাল কাউন্সেলিং এবং দুর্যোগের কারণে কিশোরী মেয়ে এবং নারীদের প্রজনন স্বাস্থ্যগত সমস্যাগুলোর দিকেও নজর দিতে হবে। মেট ক্লাবের মত উদ্ভাবনী উদ্যোগকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়ে মেট ক্লাব প্রতিষ্ঠিত হোক।
এর আগে শিশু ও কিশোরদের তৈরি করা আবহাওয়া বিষয়ক সরঞ্জাম প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এর পর মঞ্চস্থ হয় নাটক ‘পাহাড়তলি গ্রামের গল্প’। যেখানে দেখানো হয়Ñ দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগের আগে ও পরে জীবনের চিত্র এবং কীভাবে মেট ক্লাব সদস্যরা তাদের সম্প্রদায়ের মাঝে প্রস্তুতি ও আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলছে; সেসব বিষয়। এছাড়াও এ আয়োজনে আবহাওয়া বুলেটিন প্রদর্শনী, দলগত সহযোগিতা কার্যক্রম, প্যানেল আলোচনা, আবহাওয়া অধিদপ্তরের বর্তমান পূর্বাভাস পদ্ধতি নিয়ে উপস্থাপনা এবং ভবিষ্যতে মেট ক্লাবকে এগিয়ে নেওয়ার করণীয় নিয়ে আলোচনা। যাতে অংশ নেয় ঢাকা ও চট্টগ্রামের মেট ক্লাব সদস্যরা, সরকারি প্রতিনিধি, উন্নয়ন ও মানবিক সংস্থা এবং স্থানীয় অংশীজনরা।
আয়োজন থেকে জানানো হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩৩ শতাংশ কিশোর-কিশোরী (বয়স ৫-১৮ বছর)। এ প্রেক্ষাপটে কিশোর-কিশোরী নেতৃত্বাধীন ঝুঁকি ব্যবস্থাপনা মডেলকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে মেট ক্লাবের যাত্রা শুরু হলো। আগামী ২৭ সালের মধ্যে সারাদেশের প্রতিটা জেলায় ছড়িয়ে দেওয়া হবে এই ক্লাবের কাযক্রম।
আয়োজকরা জানান, মেট ক্লাব হলো- স্কুলভিত্তিক একটি ক্লাব। এ ক্লাবের মূল লক্ষ্য হলোÑ শিশু ও কিশোর নেতৃত্বাধীন আগাম সতর্কতা ও আবহাওয়া পর্যবেক্ষণকে সামনে আনা, মেট ক্লাবের জাতীয় সম্প্রসারণকে উৎসাহিত করা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় উদ্ভাবনী কার্যক্রমে অংশীদারিত্ব জোরদার করা, শিশুদের নেতৃত্বাধীন সর্বোত্তম অনুশীলনকে অনুপ্রাণিত করা এবং তাদের পরিবর্তনের সক্রিয় এজেন্ট হিসেবে স্বীকৃতি প্রদান। যার মাধ্যমে দুর্যোগের পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা বিষয়ে শিশু-কিশোররা সচেতন হওয়ার পাশাপাশি অন্যদের সচেতন করবে।
প্রসঙ্গত, এই ক্লাব গঠনের সঙ্গে যুক্ত আছেÑ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (BMD), আঞ্চলিক সমন্বিত বহুমুখী ঝুঁকি পূর্বাভাস ব্যবস্থা (RIMES), সেভ দ্য চিলড্রেন, জাগো নারী, এসকেএস ফাউন্ডেশন এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (YPSA)।