প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১৬:৫৭ পিএম
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে প্রথম মাল্টিডিসিপ্লিনারি সম্মেলন শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্যসহ অন্য অতিথিরা। ছবি : সংগৃহীত
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে প্রথম মাল্টিডিসিপ্লিনারি (পোস্টার প্রদর্শনী) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জেনারেল এডুকেশনাল ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের শিক্ষক ও কর্মকর্তা জোনে এ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নানা ডিসিপ্লিনের ৩৫টি পোস্টার প্রদর্শন করেন গবেষকরা। পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান, সমাজ বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, আইন, পাবলিক হেলর্থ, বস্ত্র প্রকৌশলী, অর্থনীতি, ব্যবসা, ফার্মেসী ডিসিপ্লিনসহ নানা ডিসিপ্লিনের গবেষকরা নিজ নিজ ক্ষেত্রের গবেষণা পোস্টার নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়।
দিনব্যাপী এ পোস্টার প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা দর্শনার্থী হিসেবে প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি গবেষকদের সঙ্গে নানা বিষয়ে আলাপ-আলোচনা করেন।
পোস্টার প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ তিনটি পোস্টার বিজয়ী গবেষককে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুব-উল- হক মজুমদার এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. ফখরে হোসেন। জেনারেল এডুকেশনাল ডেভেলপমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. কামরুল হোসেন এর উপস্থাপনায় পুরস্কার বিতরণী শেষ হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফর রহমান বলেন, এমন গবেষণামূলক পোস্টার প্রদর্শনী নিয়মিতভাবে হওয়া উচিত। এমন আয়োজন প্রকৃত গবেষকদের উৎসাহ জোগাবে। ভবিষ্যতে এ আয়োজনের কলোবর দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
শ্রেষ্ঠ পোস্টার মূল্যায়ন করার জন্য একটি তিন সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করা হয়। কমিটি সদস্যরা দিনশেষে তিনজনকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচন করেন। বিজয়ী মধ্যে সম্মানী স্মারক, সনদ ও পুরস্কারর প্রদান করা হয়।
এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যক গবেষককে শুভেচ্ছা স্মারক প্রদান করে আয়োজকরা।