বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ২১:০০ পিএম
ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারির উপস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবগঠিত হল কমিটি ও পদবঞ্চিত গ্রুপের মধ্যে বিতর্ক, উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির ও সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে আসেন। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বর্তমান আহ্বায়ক কমিটির সঙ্গে নেতৃবৃন্দের আলোচনা হয়। এ সময় পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সুপার ফাইভকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ নিয়ে দুই গ্রুপের মাঝে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন বলেন, সবার চাওয়া-পাওয়া শতভাগ পূরণ হয়নি। ছাত্রদল একটি বৃহৎ সংগঠন। সে হিসেবে চাইলেও সবার চাওয়া-পাওয়া পূরণ করা সম্ভব নয়। তাদের কথা শুনেছি, আরও শুনব। আমরা আশা করছি বিষয়টির সমাধান হয়ে যাবে।