রাকসু নির্বাচন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ২০:৫২ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫ ২১:০৮ পিএম
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) ও সিনেট সদস্য পদে লড়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা।
শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন প্রার্থিতা ঘোষণা করেন তিনি।
লিখিত বক্তব্যে ফাহিম রেজা বলেন, রাকসু শুধু ছাত্র সংসদ নয়, এটি সব শিক্ষার্থীর অধিকার, স্বপ্ন এবং সংগ্রামের প্রতীক। দীর্ঘদিন পর রাকসু নির্বাচন হতে যাচ্ছেÑ এটি আমাদের প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমি বিশ্বাস করি, এ নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অংশগ্রহণে নতুন দ্বার খুলে দেবে।
তিনি বলেন, ভর্তি হওয়ার পর থেকেই দেখেছি শিক্ষার্থীরা নানা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন। আবাসন সংকট, চিকিৎসা অবহেলা, একাডেমিক জটিলতা, গবেষণার সুযোগের ঘাটতি, লাইব্রেরি ও ল্যাবের সীমাবদ্ধতা, নিরাপত্তাহীনতা এবং বৈষম্যের শিকার হওয়াÑ এসব সমস্যার সমাধানে শক্তিশালী ও সক্রিয় রাকসুর বিকল্প নেই।