হাসনাত শাহীন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১০:৪২ এএম
ছবি: সংগৃহীত
শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ, মুক্তবুদ্ধি ও সাহিত্যচর্চা, ভাবের আদান-প্রদান এবং মনোবিকাশের এক অনন্য মাধ্যম দেয়াল পত্রিকা। প্রযুক্তিনির্ভর এই সময়ে হাতের লেখা পত্রিকার আর জৌলুস না থাকলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিশু-কিশোরদের হাতে লেখা নান্দনিক এই সৃজনকর্ম ধরে রেখেছে। সেই ঐতিহ্যে প্রতি বছরের মতো এবারও রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা দেয়াল পত্রিকা প্রকাশ করেছে।
তবে এবারে এমন আবহের মধ্যে তারা দেয়াল পত্রিকা প্রকাশ করেছে যখন শিক্ষার্থী এবং অভিভাবকদের তো বটেই; দেশের মানুষের মনে দগদগে ক্ষত হয়ে আছে বিমান দুর্ঘটনায় সৃষ্ট ভয়াল ট্র্যাজেডি। যে শোকে এখনও মানুষ আঁতকে ওঠে। সেই শোককে শক্তিতে পরিণত করে মাইলস্টোনের নবম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের প্রতিভার অনন্য স্বাক্ষর রেখে তৈরি করেছে দেয়াল পত্রিকা, যা শোভা ছড়াচ্ছে মাইলস্টোনের প্রধান ভবনের দেয়ালে।
দেয়াল পত্রিকার এবারের সংখ্যায় শিক্ষার্থীরা গল্প, কবিতা, ছড়ার পাশাপাশি তুলে ধরেছে দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিসহ সাম্প্রতিক সময়ের নানা বিষয়। প্রতিষ্ঠানের (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) ছাত্রছাত্রীদের হাতে লেখা দেয়াল পত্রিকাগুলোয় বাংলা ও ইংরেজি ভাষায় উঠে এসেছে ‘শিক্ষার উদ্দেশ্য ও বাস্তবতা’, ‘সম্মান চাই, নির্যাতন নয়’, ‘ট্র্যাডিশন অব বাংলাদেশ বা বাংলাদেশের ঐতিহ্য’, ‘স্লাভেরি অব দ্য স্ক্রিন’, ‘কিক অফ থেকে চ্যাম্পিয়ন’, ‘পহেলা বৈশাখ’, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা : ভবিষ্যতের সহযাত্রী’, ‘মানি লন্ডারিং’, ‘ঐতিহ্যের আলপনায় বাংলাদেশ’ এবং ‘সংস্কৃতি বাঁচলে, দেশ বাঁচবে’সহ নানা বিষয়। সেই সঙ্গে লেখা ও আঁকার পরতে পরতে ফুটে উঠেছে বিমান দুর্ঘটনায় সহপাঠী, ভাই-বোন এবং শিক্ষক হারানোর অব্যক্ত বেদনাও।
মাইলস্টোন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিভাবকদের সহযোগিতায় সম্প্রতি স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। পাঠদানের পাশাপাশি অব্যাহত রয়েছে কাউন্সেলিং সেবা কার্যক্রম। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত ভবনের ছাত্রছাত্রীদের নতুন ভবনে স্থানান্তরিত করা হয়েছে। বেদনাদায়ক দুর্ঘটনার ক্ষত মুছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসতে যুক্ত করা হয়েছে নানাবিধ সহশিক্ষা কার্যক্রম। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে ছাত্রছাত্রীদের হাতে লেখা দেয়াল পত্রিকার প্রদর্শনী।
তারা বলছেন ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, শিক্ষণীয় অভিজ্ঞতা ও লেখার দক্ষতা প্রকাশের সুযোগস্বরূপ প্রতিবছর মাইলস্টোন দেয়াল পত্রিকা প্রদর্শনীর আয়োজন করলেও এ বছর তা অনুষ্ঠিত হচ্ছে একটি ভিন্নতর আবহে।
গত ১৩ আগস্ট কলেজের মেইন ক্যাম্পাসে এবং ১৪ আগস্ট উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে মাসব্যাপী অনুষ্ঠিত দেয়াল পত্রিকা প্রদর্শনীর উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, মিজানুর রহমান খান, উম্মে সালমা রউফ, ইফতেখার হোসেন প্রমুখ।
মাসব্যাপী দেয়াল পত্রিকা প্রদর্শনীর উদ্বোধন শেষে প্রতিটা দেয়াল পত্রিকা ঘুরে দেখেন অধ্যক্ষ জিয়াউল আলম। এ সময় তিনি পত্রিকাগুলোর বিষয়াদি নিয়ে কথা বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে।
প্রতিষ্ঠানের শিক্ষকসহ অন্যরা জানান, বাংলা ও ইংরেজি ভাষায় লেখা এ দেয়াল পত্রিকাগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীরা মূলত তাদের শ্বৈল্পিক চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছেন। হাতে লেখা এসব দেয়াল পত্রিকার মাধ্যমে ছাত্রছাত্রীরা তুলে ধরতে চেয়েছেন সমাজবাস্তবতা, বৈশ্বিক অবস্থার কথা, অর্থনীতি, রাজনীতি, প্রকৃতি, বিজ্ঞান ভাবনা এবং আমাদের চিরায়ত ঐতিহ্য।