বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১৪:৫২ পিএম
অধ্যাপক ড. রুবেল আনসার। প্রবা ফটো
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি, অশালীন আচরণ ও অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগটি তদন্তের জন্য সাত সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থী যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে এই অভিযোগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত জানান, গত ৭ আগস্ট অফিস শেষে অভিযোগটি জমা দেওয়া হয়। গত রবিবার অফিস খোলার পর অভিযোগটি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে পাঠানো হয়।
তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর যেকোনো হয়রানি বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে ওই ছাত্রী বলেন, ‘অধ্যাপক হঠাৎ একদিন কল দিয়ে দেখা করার অনুরোধ করেন। নিরালা মোড়ে দেখা করতে গেলে তিনি গাড়িতে উঠতে বলেন এবং গাড়ির মধ্যে সরাসরি অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। তিনি তখন ড্রাইভ করা অবস্থায় আমার হাত চেপে ধরেন এবং বলেন ‘জেদ করো না; আমি যা চাই তাই আমার করে নিই। আজ না হোক কাল আমার ভালোবাসার চিহ্ন এঁকে দেবই।’ জোর করে তার হাত ছাড়ানোর পর আবার বলেন, আমি কখনও এত দিন কারও পেছনে ঘুরিনি, কারও জন্য অপেক্ষা করিনি, তোমার জন্যই এতদিন অপেক্ষা করতে হয়েছে। আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব, তোমার রেজাল্ট ৩.৫০ হয়ে যাবে। এসব শোনার পরে আমি দ্রুত তার গাড়ি থেকে নেমে কোনো রকম আত্মরক্ষা করি।’ শিক্ষার্থী অভিযোগের সঙ্গে প্রমাণ হিসেবে যৌন বার্তার স্ক্রিনশটও জমা দিয়েছেন।
এদিকে অভিযুক্ত অধ্যাপক ড. রুবেল আনসার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছাত্রীর বাবার অনুরোধে আমি তার খোঁজখবর নিতাম। ঘটনার বর্ণনা সম্পূর্ণ মিথ্যা।’
খুবির যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি মোছা. তাসলিমা খাতুন জানান, তদন্তের জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং মঙ্গলবার (১২ আগস্ট) থেকে তারা কাজ শুরু করবে।