× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারমাইকেল কলেজে সচেতনতা বাড়াতে অজগর সাপ প্রদর্শন

রংপুর অফিস

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৯:৪৫ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৫ ১৯:৪৮ পিএম

 কারমাইকেল কলেজে সচেতনতা বাড়াতে অজগর সাপ প্রদর্শন

সাপ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে রংপুর কারমাইকেল কলেজে বিশাল আকৃতির অজগর সাপ প্রদর্শন করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ। রবিবার (১০ আগস্ট) দুপুরে কলেজের লাইব্রেরি ভবনে উদ্ধার হওয়া সাপটি প্রদর্শন করা হয়।

১২ ফুট লম্বা সাপটি দেখতে উৎসুক জনতা ও শিক্ষার্থীরা ভিড় জমান। অনেকে মোবাইল ফোনে ১৩ কেজি ওজনের এ সাপটির ছবি তুলে সংরক্ষণ করে রাখেন। আঘাতপ্রাপ্ত অজগর সাপটিকে সুস্থ করতে স্নেক রেসকিউ টিমের সদস্যরা চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্যরা জানান, গত শনিবার কুড়িগ্রামের উলিপুর বেগমগঞ্জ ইউনিয়নের একটি চরে জেলের জালে আটকা পড়ে বিশাল আকৃতির বার্মিজ প্রজাতির অজগর সাপটি। এ সময় স্থানীয়রা সাপটিকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। এতে সাপের মাথার সামনের কিছু অংশ থেতঁলে যায় এবং দাঁতগুলো ভেঙে যায়।

খবর পেয়ে রংপুরের স্নেক রেসকিউ টিমের সদস্যরা উলিপুর গিয়ে সেনাবাহিনীর এক সদস্যের সহযোগিতায় সাপটি উদ্ধার করে নিয়ে আসে। রংপুর চিড়িয়াখানার প্রাণী কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন অজগর সাপটির প্রাথমিক চিকিৎসা দেন। আঘাত বেশি পাওয়ায় সাপটিকে দীর্ঘমেয়াদে চিকিৎসা দেওয়া প্রয়োজন। বর্তমানে স্নেক রেসকিউ টিমের সদস্যরা সাপটির চিকিৎসা দিচ্ছেন।

কারমাইকেল কলেজের শিক্ষার্থী মারিয়া মীম বলেন, চিড়িয়াখানায় দূর থেকে খাঁচায় অজগর সাপ দেখেছি। আজ নিজ ক্যাম্পাসে অজগর দেখে খুব ভালো লাগলো। সাপটি অসুস্থ, তাকে সুস্থ করার চেষ্টা করছে উদ্ধারকারীরা। আমাদের ক্যাম্পাসে কয়েকদিন আগে কিছু বিষধর সাপ দেখা দিয়েছিল। পরে সেগুলো উদ্ধার করে আবার ক্যাম্পাসের ঝোঁপে ছেড়ে দেওয়া হয়েছে। সাপ আমাদের পরিবেশের একটি অংশ। তাদের মেরে ফেলা উচিত না।

শিক্ষার্থী আনিছুর রহমান বলেন, বন-জঙ্গল উজার হওয়ার কারণে সাপ লোকালয়ে চলে আসছে। তাই সাপের আবাসভূমি আমাদের সংরক্ষণ করতে হবে। এখানে খাদ্যশৃঙ্খল রক্ষায় সাপের ভূমিকা অনেক। আমাদের পরিবেশের জন্য সাপ উপকারী।

শিক্ষার্থী মারজান হোসেন বলেন, আমরা পড়েছি অ-তে অজগর ওই আসছে তেড়ে। প্রকৃত পক্ষে অজগরসহ কোনো সাপ-ই তেড়ে আসে না। আমরা তাদের আঘাত করি বলেই তারা আত্মরক্ষার্থে কামড় দেয়। তাই সাপকে আঘাত করা থেকে বিরত রাখতে হবে।

ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সংগঠক লিজেন আহমেদ প্রান্ত বলেন, মাছ খাওয়ার জন্য অজগর সাপটি জেলের জালে ঢুকে পড়েছিল। কিন্তু তাকে ধরার পর প্রচুর মারা হয়েছে। সাপটির মাথায় ও মুখে আঘাত রয়েছে। আমরা তাকে সুস্থ করার চেষ্টা করছি। এখনই বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে কি না তা সিদ্ধান্ত নেয় হয়নি। সাপটির দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। অজরগটি সুস্থ হলে তাকে মিঠাপুকুর ইকোপার্কে ছেড়ে দেওয়া হবে। এর আগেও ইকোপার্কে কয়েকটি অজগর ছাড়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা