× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে সাময়িক বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৮:৪৪ পিএম

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে সাময়িক বহিষ্কার

গোপালগঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ক্ষোভের মুখে স্কুল শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  

রবিবার (১০ আগস্ট) এ ঘটনার তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন স্কুল ম্যানেজিং অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা মো. সেলিম তালুকদার। কমিটিকে আগামী ২০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক কমলেশ বিশ্বাস রবিবার বিকাল সাড়ে ৪টায় এসব তথ্য জানিয়েছেন।

সাময়িক বহিষ্কৃত স্কুল শিক্ষকের নাম মো. মিরাজ হোসেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ক শিক্ষক।

প্রধান শিক্ষক কমলেশ বিশ্বাস বলেন, গত ৬ আগস্ট সপ্তম শ্রেণির ওই ছাত্রীর জন্মদিন ছিল। স্কুল ছুটির পর বিকাল সাড়ে ৪টার দিকে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে জন্মদিনের অনুষ্ঠান করেন ওই শিক্ষকসহ শিক্ষার্থীরা। জন্মদিনের অনুষ্ঠান শেষে ওই শিক্ষার্থী ভুল করে সেখানে একটি ডায়েরি ফেলে রেখে চলে আসে। পরে সে সেখানে আবার ডায়েরি আনতে যায়। তখন শিক্ষক মো. মিরাজ হোসেন তাকে একা পেয়ে তার সাথে অশ্লীল ও কুরুচিপূর্ণ আচরণ করেন। এরপর ওই শিক্ষার্থী কাঁদতে কাঁদতে পরিত্যক্ত ভবনের ওই রুম থেকে বেরিয়ে আসে। তখন সহপাঠীসহ অন্য শিক্ষার্থীদের বিষয়টি সে জানায়। এ ঘটনায় পরের দিন ৭ আগস্ট ভুক্তভোগী ওই শিক্ষার্থীসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবিতে আমার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে পরে আমি পঞ্চাশ জন শিক্ষার্থীর সাক্ষ্য গ্রহণ করি। ঘটনার সত্যতা পাই। ওই ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে আমি নিজেও কথা বলি সে আমার কাছে ওই শিক্ষকের অশ্লীল ও কুরুচিপূর্ণ আচরণের বর্ণনা দেয়।

ওই শিক্ষক এর আগে বিগত ২০১৯ সালে স্কুলে একই ধরনের ঘটনা ঘটান। তখন ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযুক্ত শিক্ষক ওই ঘটনায় দুই/ তিন মাস জেল খেটেছেন। পরে আপস মীমাংসা করে তিনি মামলা থেকে রক্ষা পান।

রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় স্কুল খোলার পর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ওই শিক্ষকের পদত্যাগের দাবিতে স্কুল ক্যাম্পাসে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় তারা শিক্ষকের পদত্যাগ দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড বহন করে। স্লোগানে স্লোগানে শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণ উত্তাল করে তোলে। 

খবর পেয়ে স্কুল ম্যানেজিং অ্যাডহক কমিটির সভাপতি তার কার্যালয়ে প্রধান শিক্ষক, শিক্ষার্থীর অভিভাবকসহ অন্যদের ডেকে নেন তার কার্যালয়ে। শিক্ষার্থীর বাবাসহ উপস্থিত সবার কথা শুনে ঘটনার সত্যতা পান অ্যাডহক কমিটির সভাপতি। তখন তিনি তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। 

শিক্ষকের সাময়িক বহিষ্কারের খবর স্কুলে এসে পৌঁছালে দুপুরে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে স্কুল ম্যানেজিং অ্যাডহক কমিটির সভাপতি মো. সেলিম তালুকদার বলেন, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরুণচন্দ্র মন্ডল। কমিটির অন্য দুই সদস্য হলেনÑ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মফিজুর রহমান ও স্কুলের সহকারী শিক্ষক নাজভীন জাহান। আগামী ২০ আগস্টের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষক মিরাজ হোসেন দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা