এসএসসির ফলাফল পুনর্নিরীক্ষণ
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৬:৫৮ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫ ১৬:৫৯ পিএম
এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফলে ফেল থেকে পাস করেছে ৬৪ পরীক্ষার্থীর। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৫ জন। এছাড়া পুনঃনিরীক্ষণের জন্য ৩২ হাজার ৩০৭টি আবেদনকারীর মধ্যে এক হাজার ৬৬৯ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। নতুন করে যুক্ত হওয়া ৬৫ জনসহ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯০৮ জনে।
রবিবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দেওয়া এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ফলাফলের মাধ্যমে এসব তথ্য জানা গেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী আবেদন করেছিল। এই আবেদনের পেরিপ্রেক্ষিতে এসএসসি পরীক্ষার ৭৮ হাজার ১৯২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। এর মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে এক হাজার ৬৬৯ জন শিক্ষার্থীর। পুনঃনিরীক্ষণে উত্তরপত্রের ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৭৪২টি। জিপিএ পরিবর্তন হয়েছে ৬৪৬ জনের এবং ফেল থেকে পাস করেছে ৬৪ জন এবং নতুন করে জিপিএ- ৫ পেয়েছে আরও ৬৫ জন।
জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। পুনঃনিরীক্ষণের আগে দেওয়া ফলাফলে এবার জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী।