এসএসসির ফলাফল পুনর্নিরীক্ষণ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১২:১০ পিএম
প্রতীকী ছবি
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পুনঃনিরীক্ষণের মাধ্যমে নতুন করে ২৮৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এর মধ্যে তিনজন পরীক্ষার্থী পাস থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া ২৯৩ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস হয়েছেন।
রবিবার (১০ আগস্ট) পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর জানান, এবার মোট ৯২ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী মোট ২ লাখ ২২ হাজার ৫৩৩টি খাতার পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৯৪৬ পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।
গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৭৯ হাজার ৩১০ জন। এর মধ্যে পাস করেন ১০ লাখ ৬ হাজার ৫৫৪ জন। পাসের হার ছিল ৬৮.০৪ শতাংশ, যা আগের বছরের ৮৩.৭৭ শতাংশের তুলনায় কম। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২৫ হাজার ১৮ জন, যা আগের বছরের তুলনায় ৩৮ হাজার ৮২৭ জন কম। পুনঃনিরীক্ষণের মাধ্যমে এই সংখ্যা কিছুটা বেড়েছে।