প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ০৮:৪৩ এএম
প্রতীকী ছবি
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ সকাল ১০টায় প্রকাশ করা হবে। দেশের ৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রোল নম্বর দিয়ে ফল জানা যাবে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার জানান, গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়। প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ৯২ হাজার ৮৬৩ শিক্ষার্থী মোট দুই লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন করেছে। যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি—আবেদনকারী বেড়েছে প্রায় ২১ হাজার এবং চ্যালেঞ্জ হওয়া খাতা বেড়েছে প্রায় ৪০ হাজার।
সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিতে—৪২ হাজার ৯৩৬টি খাতা। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতার জন্য আবেদন হয়েছে। সবচেয়ে কম আবেদন এসেছে চারু ও কারুকলা বিষয়ে, মাত্র ৬টি।
পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না; বরং নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কিনা, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কিনা এবং ওএমআর শিটে নম্বর সঠিকভাবে উঠেছে কি না—এসব যাচাই করা হয়। প্রয়োজনে সংশোধিত ফল প্রকাশ করা হয়।
শিক্ষা বোর্ডগুলোর সর্বশেষ তথ্যমতে, এ বছর সারাদেশে ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।