কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ২০:৩৮ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫ ২০:৪৬ পিএম
কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক উপকেন্দ্র হচ্ছে। এজন্য আবদুস সালাম নামের একজনকে পরিচালক পদে নিয়োগও দেওয়া হয়েছে। এখন চলছে অফিস দেখার কাজ। কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকাকে কেন্দ্র করে অফিস দেখার কাজ চলছে।
জানা গেছে, সারা দেশের ডিগ্রি, অনার্স ও মাস্টার্স কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে।
গাজীপুর এই বিশ্ববিদ্যালয়ের দপ্তর। এর বাইরে আটটি উপকেন্দ্র আছে। এগুলো চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর, সিলেট, হবিগঞ্জ ও ঝিনাইদহে রয়েছে।
এবার নবমটি হচ্ছে কুমিল্লায়। উপকেন্দ্র হলে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ছয় জেলার কলেজগুলোর কাজের জন্য দীর্ঘপথ পাড়ি দিয়ে গাজীপুরে দাপ্তরিক কাজে যেতে হবে না। এতে ভোগান্তি কমবে। শিক্ষকরাও খাতা সহজে দেখে পাঠাতে পারবেন।
সূত্র জানায়, কুমিল্লা অঞ্চলের ছয় জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের সংখ্যা গত এক দশকে ছিল হাতেগোনা। এক দশকের ব্যবধানে ব্যাঙের ছাতার মতো উচ্চমাধ্যমিকের বেশকিছু প্রতিষ্ঠানে অনার্স কোর্স অনুমোদন করা হয়। এতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজের চাপও বেড়েছে। চাপ বাড়ে স্থানীয় কলেজগুলোর ওপরেও।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঞা বলেন, কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবসেন্টার হলে এই অঞ্চলের কলেজগুলো উপকৃত হবে। এটি আরও আগেই হওয়া দরকার ছিল। বর্তমান সরকারকে ধন্যবাদ এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কুমিল্লার পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবসেন্টার হলে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। বহুদিন ধরে কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপকেন্দ্র হওয়ার বিষয়ে আলেচনা চলছিল। এবার আলোর মুখ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।