× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবদুল্লাহ ও সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ০০:২৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের সন্তান আবদুল্লাহর পাশাপাশি চাঁদপুরের প্রতিভাবান খুদে ফুটবলার সোহানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বৃহস্পতিবার উত্তরার দিয়াবাড়ীর শুক্রভাঙ্গা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নিহত মাসুমা বেগমের স্বামী মোহাম্মদ সেলিমের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে জানান, মাসুমার ছেলে মোহাম্মদ আবদুল্লাহর পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব প্রমুখ।
অন্যদিকে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সাফজয়ী অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক চাঁদপুরে সোহানের বাড়িতে গিয়ে ফুটবলের সরঞ্জাম ও নগদ অর্থ প্রদান করেন। ছয় বছরের সোহান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচআনী গ্রামের বাসিন্দা মোহাম্মদ সোহেল প্রধানের ছেলে। মাত্র আড়াই বছর বয়সে দাদা শাহ আলম প্রধান একটি ফুটবল কিনে দেন সোহানকে। সেই থেকেই শুরু হয় তার ফুটবল খেলা। 

সোহানের ঘরে নেই পড়ার টেবিল। খাটেই চলে পড়ালেখা। তার বাবা সোহেল প্রধান পেশায় সাইকেল মেকানিক। সংসার চলে কোনোমতে। তবুও থেমে নেই বাবার চেষ্টা। ইউটিউবে দেখে দেখে নিজেই কোচ হয়েছেন সন্তানের। একদিন সোহান জাতীয় দলে খেলবে, সেই স্বপ্নে বিভোর তার পরিবার।

জাতীয় দলের সাবেক সাফজয়ী অধিনায়ক আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে সোহানের ফুটবল খেলার ভিডিও দৃশ্যমান হয়, তিনি তাৎক্ষণিক পড়াশোনা থেকে শুরু করে সোহানের খেলাধুলার সব দায়িত্ব নিয়েছেন। সোহানের জন্য ফুটবল খেলার সব সরঞ্জাম ও কিছু নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি মাসে সোহানের জন্য তারেক রহমান একটি সম্মানজনক অর্থ প্রদান করবেন। সোহানের পরিবার যেন আর্থিকভাবে সচ্ছলতা ফিরে পায়, সব ধরনের সহযোগিতা আমরা করব। আল্লাহ পাক আমাদের যতদিন বাঁচিয়ে রাখবেন বিএনপি সব সময় তাদের পাশে থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা