প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৮:৫৮ পিএম
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরবিদায় নেন শিক্ষিকা মেহরিন চৌধুরী। এই সাহসী শিক্ষিকার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে শিক্ষকদের জন্য তার নামে বিশেষ অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মাইলস্টোন ট্রাজেডি নিয়ে আবার আলোচনা হয়েছে। সেখানে যারা মারা গেছেন, বিশেষ করে দুজন টিচার ও একজন আয়া। তাদের বিশেষ কি সম্মাননা দেওয়া যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। সামনে আপনারা এটার সিদ্ধান্তটা জানতে পারবেন।’
প্রেস সচিব বলেন, ‘‘মেহরিন চৌধুরী যে বীরত্ব ও সাহস দেখিয়েছেন ওনার স্কুলের শিক্ষার্থীদের উদ্ধারে... তিনি নিজের জীবনকে আত্মদান করেছেন। তার নামে শিক্ষা মন্ত্রণালয় একটা জাতীয় পুরস্কার ঘোষণা করবে খুব শিগগিরই। এই পুরস্কারের নাম হবে ‘মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস’। এটা শুধু শিক্ষকদের দেওয়া হবে।’’
প্রেস সচিব আরও বলেন, ‘মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড প্রতি বছর এমন শিক্ষক বা শিক্ষিকাদের দেওয়া হবে, যারা সাহসিকতা, মানবতা ও কর্তব্যনিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন। পুরস্কারের আনুষ্ঠানিক নীতিমালা ও প্রক্রিয়া শিগগিরই ঘোষণা করা হবে।’