বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৫:২০ পিএম
শিক্ষার্থীদের মানববন্ধন। প্রবা ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সংগীত বিভাগের শিক্ষার্থী গুরুতর আহতের ঘটনায় বিচার, ক্ষতিপূরণ ও ক্যাম্পাসের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, গত সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দুটি বেপরোয়া মোটরসাইকেল সংগীত বিভাগের শিক্ষার্থী অনিক মল্লিককে সজোরে ধাক্কা দিলে তার পা ভেঙে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ বা যোগাযোগ করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঐশর্য রায় জয় বলেন, ‘আমাদের অনিক দাদা রাস্তার পাশে থেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হলো, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। তিনি আরও বলেন, ‘এর আগেও আমরা হিমেল ভাইয়ের ঘটনা দেখেছি। হিমেল ভাই মারা গেছেন, আর অনিক দাদার পা টুকরো টুকরো হয়ে গেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন বারবার না ঘটে, তারই জন্য আজকে আমাদের এই কর্মসূচি।’
সংগীত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিপন প্রামানিক বলেন, ‘এই দেশে বর্তমানে অস্বাভাবিকভাবে অনেকের মৃত্যু হচ্ছে, আমরা কামনা করি, যেন আমাদের মৃত্যুটা স্বাভাবিক হয়। মানলাম সারা দেশে এটা ঠিক আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এটা কোনোভাবেই কাম্য নয়। একটা ছেলে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, এমন নয় যে সে রাস্তার মাঝখানে হাঁটছিল, সেখানেও তার পা হারানো লাগে।’
একই বিভাগের আরেক শিক্ষার্থী তর্পনা দে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপদ নয়। সেটা শুধু এই সড়ক দুর্ঘটনার জন্য নয়, বিভিন্ন কারণেই এই ক্যাম্পাসকে নিরাপদ স্থল হিসেবে চিহ্নিত করতে পারেনি এই প্রশাসন। সেটা সকল ক্ষেত্রেই এবং সকলেরই সেটা জানা। আমরা ক্যাম্পাসে আর কোনো দুর্টনা দেখাতে চাই না।’
এর আগে, গত সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মটরসাইকেল রাস্তায় পথচারী অনিক মল্লিকের পায়ের উপর এসে পড়ে। এতে তার পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায়। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র ও পরে রামেক হাসপাতালে নেওয়া হয়।