মো. মোস্তাকিন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৫:১৮ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৫:৫০ পিএম
‘তিতুমীরের বাতাসে ছড়িয়ে পড়ুক বিতর্কের শুদ্ধতা’—এ মূলমন্ত্রকে ধারণ করে ২০১৭ সালের ৭ মার্চ যাত্রা শুরু করে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব।
সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের নবীনবরণ ও বিতর্ক কর্মশালার উদ্বোধন করা হয় গত ৮ ডিসেম্বর। ক্লাবের এ আয়োজনে পাঁচ শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জিটিসিডিসির মডারেটর সালমা বেগম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিটিসিডিসির সাধারণ সম্পাদক মির্জা রাকিব।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেন, ‘সরকারি তিতুমীর কলেজ বাংলাদেশের প্রথম সারির একটি কলেজ। তিতুমীর কলেজে যোগদানের পর থেকেই একটা বিষয় আমাকে অভিভূত করেছে, সেটা হলো—এই কলেজে সহ-শিক্ষার জন্য ১৮টি ক্লাব আছে, আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠানে এতগুলো ক্লাব আছে! তিতুমীর কলেজের ক্লাবগুলোর মধ্যে অন্যতম একটি ক্লাব হচ্ছে বিতর্ক ক্লাব! যেখানে মুক্তবুদ্ধির চর্চা হয়, যেখানে বিনয়ী হতে শেখায়, যুক্তিবাদী হতে শেখায়।’
অনুষ্ঠানে বিশেষ চমক হিসেবে ছাত্র-শিক্ষক বিতর্ক ছিল, যা জিটিসিডিসির ইতিহাসেই প্রথম! বিতর্কের বিষয় ছিল—ত্রিশ-ঊর্ধ্ব জীবনই প্রকৃত মানবজীবন।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা আক্তার বানু। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের প্রধান প্রশিক্ষক অধ্যাপক ড. রতন সিদ্দিকী, জিটিসিডিসির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মাহবুব হাসান রিপন এবং বর্তমান সভাপতি সাজেদুল ইসলাম শুভ।