× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সখীপুর

বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন নিচ্ছেন শিক্ষক দম্পতি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ২০:৫৫ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৫ ২১:৪১ পিএম

বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন নিচ্ছেন শিক্ষক দম্পতি

টাঙ্গাইলের সখীপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতি দীর্ঘদিন ধরে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই শিক্ষক দম্পতিকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

জানা গেছে, উপজেলার কাকড়াজান ইউনিয়নের সুরীর চালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন ২০২৪ সালের ১৮ নভেম্বর এবং তার স্ত্রী সহকারী শিক্ষক হাজেরা খাতুন একই বছরের ৭ নভেম্বর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তবে তারা নিয়মিত ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে বেতন উত্তোলন করছেন।

সরেজমিন গিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক কফিল উদ্দিন ও তার স্ত্রী হাজেরা খাতুন প্রায় ৯ মাস ধরে হাজিরা খাতায় স্বাক্ষর করেন না। কোনো রকম ছুটি ছাড়াই তারা মাসের পর মাস স্কুলে অনুপস্থিত রয়েছেন।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক কফিল উদ্দিন যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি তার স্ত্রীকে অবৈধভাবে বিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন। এলাকাবাসী ওই প্রধান শিক্ষকের বিচার দাবিতে কয়েক দফায় মানববন্ধন, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক ছাড়া বিদ্যালয় চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া শিক্ষক সংকটও রয়েছে।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, বিদ্যালয়ে অনুপস্থিত থাকা শিক্ষক দম্পতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন, আমরা বিদ্যালয়ে যেতে চাই। কিন্তু স্কুলে যাওয়ার মতো আমাদের কোনো পরিবেশ নেই। সভাপতি আমাদের কারণ দর্শানোর নোটিস দিয়েছেন, এর জবাব দেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই। ওই দম্পতির বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা