রাজিব রায়হান, জাবি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২১:৪৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২২:৪১ পিএম
বিশ্বজুড়ে প্রতিবছর হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হন প্রায় ১৫ লাখ মানুষ, যা গড়ে প্রতি ১২ জনে একজন। এই ভাইরাসের সংক্রমণ থেকে লিভার সিরোসিস ও ক্যানসারে মৃত্যু হচ্ছে নিয়মিত। বাংলাদেশেও হেপাটাইটিস বি একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকি।
প্রতিবছর এই ভাইরাসে মারা যান প্রায় ২০ হাজার মানুষ। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ‘হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন’ কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। পুরো কার্যক্রমে তিন ডোজে মোট ৩০ হাজার টিকার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগে প্রতিফলিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ২৬ নম্বর দফা- ‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা।’
তথ্য অনুযায়ী, তারেক রহমানের নির্দেশনায়, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে এবং জাবি ছাত্রদলের ব্যবস্থাপনায় এই কর্মসূচি শুরু হয়। প্রথম ডোজ প্রদান শুরু হয় ১৪ মে। এরপর ১৬ থেকে ২৪ জুন দেওয়া হয় দ্বিতীয় ডোজ। একই সময়ে প্রথম ডোজও সীমিত পরিসরে চলমান ছিল। তৃতীয় ডোজের কার্যক্রম, শুরু হয় ১৭ জুলাই এবং শেষ হবে ২৪ জুলাই। তবে যেসব শিক্ষার্থী এখনও ডোজ গ্রহণ করেননি, তাদের জন্য আগামী মাসেও টিকা গ্রহণের সুযোগ থাকবে।
জাবির ৫৩তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন একটি ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল। আগে কখনও বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এমন উদ্যোগ নিয়েছে কি না, আমার জানা নেই। জাবি ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ।’
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, ‘দেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা খুবই জরুরি। সেই ভাবনা থেকেই তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।’
সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, ‘প্রতিবছর অনেক শিক্ষার্থী হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য।’
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘গত মে মাস থেকে শুরু হওয়া এই কর্মসূচি এখন শেষ পর্যায়ে। পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় অংশীজনের সাড়া পেয়েছি। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে ছাত্রদল কাজ করবে।’
উল্লেখ্য, হেপাটাইটিস বি একটি গুরুতর লিভার সংক্রমণ, যা রক্তের মাধ্যমে ছড়ায় এবং যথাসময়ে প্রতিরোধমূলক টিকা গ্রহণই এ ভাইরাস থেকে বাঁচার কার্যকর উপায়।