বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ২২:২০ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ভবনে তালা দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়টির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। এতে ভিতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটের এ ঘটনা ঘটে।
গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয়টির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচার প্রত্যাখ্যান করে যথাযথ বিচারের দাবিতে তারা তালা দিয়েছেন বলে জানা গেছে।
এসময় তারা ‘প্রহসনের বিচার মানি না, মানব না’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘মাইর খাব ওপেনে, বিচার হবে গোপনে’সহ নানা স্লোগান দেন।
এর আগে রাত ৯টার দিকে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, দুইজনের ছাত্রত্ব না থাকায় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা ও একজনকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসি ভবনে তালা দিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে তারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এটা ঠিক হয়নি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দোষীদের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১০ জুলাই) শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় ছাত্রদলের নেতাকর্মীরা ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষক—বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ও সহকারী প্রক্টর এবং তিন শিক্ষার্থীর ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠে। এতে ছাত্রকল্যাণ পরিচালক কে এ এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর মো. শফিকুল ইসলামের ওপর হামলা ও লাঞ্ছিত করা হয়। একই ঘটনায় আহত হন ম্যানেজমেন্ট বিভাগের তিন শিক্ষার্থী— মো. ফারুক, ফেরদৌস শেখ এবং মো. ফয়সাল মুরাদ।