প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ২২:২৪ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫ ২২:৩২ পিএম
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) একযোগে প্রকাশ করেছে দেশের ১১টি শিক্ষা বোর্ড। এ বছর বেশ কয়েকটি বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। বিশেষ করে কুমিল্লা ও ময়মনসিংহ বোর্ডে পাসের হার কমেছে যথাক্রমে প্রায় ১৬ ও ২৭ শতাংশ। যশোর ও দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে।
প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকদের পাঠানো প্রতিবেদনেÑ
কুমিল্লা : কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। পাস করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন। গতবারের তুলনায় পাসের হার কমেছে প্রায় ১৬ শতাংশ, এবং জিপিএ-৫ কমেছে ৩ হাজার ১৯৮টি।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামছুল আলম এ ফলাফল প্রকাশ করেন। গণিতে পাসের হার কম থাকায় সামগ্রিক ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে।
কুমিল্লা বোর্ডে ২২টি প্রতিষ্ঠান শতভাগ পাস করলেও ইসলামপুর উচ্চ বিদ্যালয়সহ (নাঙ্গলকোট) একটি প্রতিষ্ঠান থেকে কেউই পাস করেনি।
ময়মনসিংহ : ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ কম। ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৪৫৬ জন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন, ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুর ২টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ এ ফলাফল ঘোষণা করেন।
বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদুল্লাহ জানান, ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ না দেওয়াকেই ফলাফল খারাপ হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
দিনাজপুর : দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ। পাস করেছে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন শিক্ষার্থী।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৯ হাজার ৮৪০ জন, ছাত্রী ৬২ হাজার ৩০৬।
পরিসংখ্যানে দেখা গেছে, মেয়েরা এবারও ছেলেদের চেয়ে ভালো ফলাফল করেছে। জিপিএ-৫ পেয়েছে মেয়েরা ৩১ জন বেশি এবং পাসের হারেও এগিয়ে রয়েছে ৫.৪ শতাংশে। বিজ্ঞান, মানবিক এবং হিসাববিজ্ঞান বিভাগেও মেয়েরা ছেলেদের তুলনায় ভালো ফল করেছে।
যশোর : যশোর শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ, যা গতবার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী, গতবার ছিল ২০ হাজার ৭৬১ জন।
বৃহস্পতিবার দুপুর ২টায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম।
এবার যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলা থেকে ১ লাখ ৩৮ হাজার ৮৫১ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে পাস করেছে ১ লাখ ২ হাজার ৩১৯ শিক্ষার্থী। তবে এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
বোর্ড কর্তৃপক্ষ জানায়, ইংরেজি ও গণিতে পাসের হার কম থাকায় সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।