× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ১৩:২৯ পিএম

৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

কনসালটেশন কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে ৫ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষকরা।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

তাদের দাবি, ২০১৩ সালে সরকার দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিলেও রাজনৈতিক বিবেচনায় সে সময় অনেক বিদ্যালয় তালিকা থেকে বাদ পড়ে। এরপর নানা আন্দোলন, অনশন ও আশ্বাস সত্ত্বেও এসব বিদ্যালয়ের জাতীয়করণ আলোর মুখ দেখেনি।

সমিতির সভাপতি মো. মামুনুর রশিদ খোকন বলেন, ‘আমরা শুধু ন্যায্য অধিকার চাই। ২০১৩ সালের ঘোষণায় বাদ পড়া বিদ্যালয়গুলোর মধ্যে প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান জাতীয়করণের সব শর্ত পূরণ করেও বঞ্চিত। এসব বিদ্যালয়কে দ্রুত জাতীয়করণ করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ প্রয়োজন।’

তিনি আরও বলেন, ২০১৮ সালে তৎকালীন সচিব ও মহাপরিচালক আমাদের আন্দোলনে এসে দুই মাসের মধ্যে জাতীয়করণ করার আশ্বাস দিয়েছিলেন। ২০১৯ সালে ৫৬ দিন অনশন কর্মসূচি পালন করি। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও প্রয়োজনীয় চিঠি ইস্যু হয়। কিন্তু বাস্তবে কিছুই হয়নি।

সাধারণ সম্পাদক মো. ফিরোজ উদ্দিন বলেন, ‘২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি অধ্যায় ৪ এর ৪ দশমিক ৩ এবং পৃষ্ঠা ৩৫ অনুযায়ী ৫ হাজার বিদ্যালয় দ্রুত জাতীয়করণের সুপারিশ করেছে। তারপরও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে আবারও রাস্তায়।’

আন্দোলনকারীরা বলেন, ‘চাকরি আছে, বেতন নেই’-এমন বাস্তবতায় বছরের পর বছর মানবেতর জীবন কাটছে অনেক শিক্ষকের। জাতীয়করণ ছাড়া আমাদের মুক্তি নেই।

প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের হাতে দেখা গেছে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার, যেখানে লেখা- ‘এভাবে আর কত দিন?’, ‘জাতীয়করণই বাঁচার উপায়’, ‘শিক্ষা-শান্তি-প্রগতি চাই, অবিলম্বে জাতীয়করণ চাই’।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়, যতদিন না দাবি পূরণ হবে, ততদিন অবস্থান কর্মসূচি চলবে। প্রয়োজনে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।

আন্দোলনকারীরা অবিলম্বে প্রধান উপদেষ্টা ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিষয়টি আমলে নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা