× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮২ শতাংশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৫ ১৫:৩৭ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮২ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার রয়েছে ৮২ শতাংশ।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, এবার পরীক্ষায় অংশ নেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। পাসের হার ৮২ শতাংশের কাছাকাছি। উত্তীর্ণদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০-এর বেশি নম্বর। বাকি ৬৬ দশমিক ৭২ শতাংশ পেয়েছেন ৫০-এর নিচে।

ড. আমানুল্লাহ বলেন, আগে অনার্সে ভর্তি হতো জিপিএর ভিত্তিতে, অনেকে বলতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি হয়। এখন আর কেউ এমনটি বলতে পারবে না। ১০ বছর পর আবার ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা হলো।

ভর্তি পরীক্ষাটি হয় এমসিকিউ (বহুনির্বাচনি) পদ্ধতিতে। সময় ছিল এক ঘণ্টা, মোট নম্বর ১০০। পাস নম্বর ধরা হয় ৩৫। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর ছিল এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হয়নি। আর এবারের মেধাতালিকা তৈরি হয়েছে পরীক্ষার নম্বর, এসএসসি পরীক্ষার জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসির জিপিএর ৬০ শতাংশ যোগ করে। মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। এর মধ্যে ২৬৪টি সরকারি ও ৬১৭টি বেসরকারি কলেজ। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রথমবর্ষে ভর্তিযোগ্য আসনের সংখ্যা ৪ লাখ ৪০ হাজারের বেশি। যেসব শিক্ষার্থী অনার্সে ভর্তি হতে পারবেন না, তাদের জন্য রয়েছে পাস কোর্স, কারিগরি এবং অন্যান্য শিক্ষার সুযোগ।

ফলাফল দেখবেন যেভাবে

ফল জানতে মুঠোফোনে nuathnroll no লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি বার্তায় ফল জানানো হবে।

এছাড়া, ভর্তিবিষয়ক ওয়েবসাইট https://admission.nu.edu.bd থেকেও ফল দেখা যাবে। ওয়েবসাইটে গিয়ে নিজের পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ড্যাশবোর্ডের ‘ফলাফল’ অপশন থেকেও ফল জানা যাবে। এখান থেকে ফলাফল শিট ডাউনলোড বা প্রিন্টও করা যাবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা