সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫ ১৯:৫২ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫ ২০:০০ পিএম
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হাওরের বাইরে নয়। জেলা সদরের কাছাকাছি সরকারি জমিতে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে শহরের পুরাতন বাসস্টেশনে সুবিপ্রবির ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের তৃণমূলে প্রচার সভায় বক্তারা এ দাবি জানান।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক জেলা জামায়াতের নায়েবে আমির শামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা অনিক রায়, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আকবর আলী, শেরেনুর আলী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি রুহুল তুহিন, জেলা সিপিবির সভাপতি এনাম আহমদ প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের জেলা নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস নয়। সুবিপ্রবির ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলন তৃণমূলে প্রচার সভা ও প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হলো। এই কর্মসূচি জেলার ১১ উপজেলায় পালিত হচ্ছে বলে জানান বক্তারা।
‘বৈষম্য ঘোচাতে সুষম উন্নয়নে ঐক্যবদ্ধ হোন, সোচ্চার হোন’ শিরোনামে প্রচারপত্র বিলি করেন আন্দোলনকারীরা। প্রচারপত্রে উল্লেখ রয়েছে জেলার আপামর মানুষের দাবি উপেক্ষা করে ক্ষমতাচ্চ্যুত সরকারের একজন মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তার গ্রামে করার উদ্যোগ নেন। এ নিয়ে সমালোচনা হয়। জেলা শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে হাওর ক্ষতিগ্রস্ত হবে। হাওরের জীববৈচিত্র্য নষ্ট হবে। জেলাবাসীর দাবি উপেক্ষা করে সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, শিল্প ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যুব মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, ভোকেশনাল ইনস্টিটিউট, বিআরটিএ অফিস কাম ট্রেনিং সেন্টারসহ জেলার জন্য বরাদ্দ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সাবেক ওই মন্ত্রী তার নিজ গ্রাম ও গ্রামের দুই কিলোমিটারের মধ্যে স্থাপন করেছেন। এতে জেলাবাসী বিক্ষুব্ধ ও মর্মাহত, প্রচারপত্রে এগুলো তুলে ধরা হয়েছে।