রাজশাহী অফিস
প্রকাশ : ২৭ মে ২০২৫ ২২:৩৭ পিএম
আপডেট : ২৭ মে ২০২৫ ২২:৪১ পিএম
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা এ টি এম আজহারুল ইসলাম। তার মুক্তির এই রায়কে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণতান্ত্রিক ছাত্র জোটের শিক্ষার্থীদের সঙ্গে শাহবাগ বিরোধী ঐক্যের শিক্ষার্থীদের সংঘর্ঘ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
এর আগে সকালে যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন।
জানা গেছে, এই জামায়াত নেতার মুক্তির রায়ের প্রতিবাদে বাম সংগঠনের শিক্ষার্থীরা আজ রাতে রাবিতে মশাল মিছিল বের করেন। একই সময় শাহবাগ বিরোধী মঞ্চের ব্যানারে মিছিল বের করে আরেকটি পক্ষ। একপর্যায়ে রাবির টুকিটাকির কাছে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এসময় এক পক্ষ অপর পক্ষকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে এবং সময় ইটপাটকেল নিক্ষেপ করে।
গণততান্ত্রিক ছাত্র জোটের শিক্ষার্থীদের অভিযোগ, তারা এই রায়ের বিরুদ্ধে মশাল মিছিল বের করলে শিবিরের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
আর শাহবাগ বিরোধী ঐক্যের শিক্ষার্থীদের দাবি, বাম ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা তাদের ওপর হামলা চালিয়েছে।
এদিকে উভয়পক্ষের সঙ্গে কথা বলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাবির ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম।